হেকিম-কবিরাজের অন্ত নেই, একজনের পর আরেকজন
আসছেন দেখছেন, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞের মতো।
কেউ বলছেন, গোটা কয়েক মোরগ খেতে হবে
কেউ বলছেন, দেশি হাঁসেও নিরাময় হতে পারে।
আসলে রোগটা কী !
এ কথাটিই খোলাসা করে বলছেন না কেউই।
পণ্ডিতপত্নী অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন,
---- পণ্ডিত মশাইয়ের গাগরম হচ্ছে না বিছানায়
কখনোসখনো বাঘের মতো হুংকার ছাড়লেও
পরক্ষণেই বিড়াল হয়ে যান।
অঙ্গপ্রত্যঙ্গ টেনেটুনে নিশ্চিত হলেন বিশেষজ্ঞগণ
বিলক্ষণ পণ্ডিত মশাইয়ের ধ্বজভঙ্গ হয়েছে,
ত্রিকালজ্ঞ ভুষণ্ডি ভেবেচিন্তে পথ্য দিলেন ---
এঁড়ের অন্ডকোষেই আছে যৌনশক্তির নিয়ামক।
সরকার বাড়ির এঁড়েটি হেলেদুলে হাঁটে রাজসিক ভঙ্গিতে
দু'পায়ের ফাঁকে পেন্ডুলামের মতো দোলে অন্ডকোষ,
বড়োই সৌন্দর্য তার, না জানি কতই স্বাদের,
সকাল থেকে দুপুর, আবার দুপুর থেকে সন্ধ্যাব্দি
পণ্ডিত মশাই ঘোরেন সে এঁড়ের পিছে পিছে
কখন খসে পড়বে আর কখন খাবে আরাধ্য পথ্যটি।
অন্ডকোষ খসেও পড়ে না, খাওয়াও হয় না
শেয়াল পণ্ডিতের ধ্বজভঙ্গও আর নিরাময় হয় না।