অ র্চ না মা লা কা র

  • এরই নাম বুঝি স্বাধীনতা?
  • ২০২৫-০৩-৩১ ১৫:৩৬:০২
image

স্বাধীনতা কাকে বলে জানি না
জানতাম স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। 
স্বাধীন দেশ, স্বাধীন মাটি, স্বাধীন ভাষা
স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। 

তাহলে কেন প্রতিদিন রক্ত ঝরে স্বাধীন মাটিতে 
কেন মায়ের চোখে ঝরে জল ? 
ধর্ষণের লজ্জায় কেন এত আত্মহত্যা ! 
অকালে ঝরছে কেন তাজা তাজা প্রাণ ! 
কোনো জবাব নেই। 
বিতর্কিত হৃদয় আজ হয়েছে খণ্ড-বিখণ্ড।
 
নিশুতি রাতে ঘরে আগুন, মানুষ পুড়ে অঙ্গার। 
এই কী স্বাধীনতা ? 
কোথায় গেল মনুষ্যত্ব ! 
কথায় কথায় হানাহানি, গুরুজনের সম্মান ভূলুণ্ঠিত। 
মানুষ গড়ার কারিগর চোখের জলে বুক ভাসায়,
ছাত্রের হাতে লাঞ্ছিত হয়ে লজ্জা শরমে পঙ্গু। 
সৎ মানুষের মুখে দুবেলা ভাত জোটে না, 
কবির সত্যনিষ্ঠ কলমের নিবে ধরেছে মরচে
প্রতিবাদী শব্দগুলো উধাও আজ মনের অভিধান থেকে
মনের কোণে জমেছে কালো মেঘ --
এখুনি আসবে বুঝি ঝড়, লণ্ডভণ্ড হবে চরাচর।

এরই নাম বুঝি স্বাধীনতা ?