তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষদিকে ঢাকা আসছে নিউজিল্যান্ড

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৬ ০০:৩০:৩৬
image

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষদিকে ঢাকা আসছে নিউজিল্যান্ড। সিরিজটির তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, ২১শে সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ২৩ ও ২৬শে সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুটি ম্যাচ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
চলতি মাসের শেষ থেকে ব্যস্ত সূচি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের। এশিয়া কাপ মিশন শেষ করে দেশে ফিরতেই নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে টাইগাররা। সেপ্টেম্বরের শেষদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসছে টিম নিউজিল্যান্ড।
এদিকে বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে, তবে টাইগারদের টুর্নামেন্টের মিশন শেষ হবে ১৭ই সেপ্টেম্বর। ৩১শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবেন সাকিব-মুশফিকরা।
নিউজিল্যান্ড সিরিজ শেষ করতে না করতেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ৫ই অক্টোবর শুরু হবে প্রায় দেড় মাসের এই মহাযজ্ঞের। বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের ৭ই অক্টোবর, প্রতিপক্ষ সেই আফগানিস্তান।