চাঁপাইনবাবগঞ্জে অরক্ষিত লেভেল ক্রসিং-এ ট্রেনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২৯ ১৫:০০:৩৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  একটি অরক্ষিত লেভেল ক্রসিং-এ  (রেল ক্রসিং) চলন্ত ট্রেনের সাথে চলন্ত মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদি হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি  সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের  আমনুরা কেন্দুল  লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে। মেহেদি হাসান ‘দেশ বুলেটিন’ নামে একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার,চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন,রেলওয়ে পুলিশ(জিআরপি),ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার(২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় মেহেদি হাসানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে নেয়া হয়।  জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল ৩টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার মো.ওবাইদুল্লাহ বলেন, রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে  ১০৯ আপ শাটল-১ ট্রেনটি অননুমোদিত অরক্ষিত হোসেনডাঙ্গা লেভেল ক্রসিং পার হবার সময় মোটরসাইকেল চালক সজোরে চলন্ত ট্রেনকে ধাক্কা মারে। তবে ট্রেনটি নিরাপদে ষ্টেশনে আসে।
চাঁপাইনবাবগঞ্জ জিআপি ফাঁড়ি ইনচার্জ আশিষ কুমার দাস বলেন, এ  ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ।