স ঙ্গী তা ক র

  • নব্য নারী কাব্য
  • ২০২৫-০৩-২৯ ০০:২১:০৭
image

দেখুন মুনিগণ, ত্রিনেত্র উন্মোচন করে দেখুন পৃথিবীতে
হোমো স্যাপিয়েন্স থেকে বিবর্তিত হওয়া মানুষগুলো আজ চাইছে মহামানব হতে
বিবর্তনের ধারাবাহিকতায় যদি বদলে যায় জীবনযাত্রা 
তবে বদলে যাক মানসিকতাও 
বদলে দিন নারী চরিত্র!
রাজধানী শহরের যে নারী দ্রৌপদীর মতো সর্ব বিদ্যায় পারদর্শিনী 
যাঁর সঙ্গে পঞ্চস্বামী হয়ে বিরাজ করে শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, প্রতিবাদ, উদারতা 
তাঁকে অনুপ্রাণিত করুন নিজেই নিজেকে রক্ষা করার
আজকের দ্রৌপদীকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে যদি না আসেন সখা শ্রীকৃষ্ণ 
তবে তাঁকে নিজেকেই শক্তি দিন মৃত্যুর আগে বেঁচে ওঠার 
শক্তি দিন ধর্ষিতা হওয়ার আগে ধর্ষককে শাস্তি দেওয়ার। 

চোখ রাখুন মফঃস্বলে--
পারিবারিক সম্মান আর অসম্মানের টানাপোড়েন যে মেয়ে আজও বহন করে চলেছে কুন্তি সম বেদনা 
যে কুমারী মেয়েটি মা হওয়ার লজ্জায় বেছে নেয় আত্মহননের পথ 
তাকে মহামন্ত্র দিন কানে
এ দোষ তাঁর একার নয় 
তবুও যদি ভীরু কাপুরুষ অস্বীকার করে দায়
তবে করুণা ভিক্ষা নয়
সে জেগে উঠুক একাকী সন্তান পালনের সাহসিকতায় 
নারী দুর্বল নয়, নারী অসহায় নয় 
নারীকে অবজ্ঞা নয় 
বাঁচতে দিন নিজের সক্ষমতায়। 

সাঁওতাল পরগণার ঘন জঙ্গলে যে আদিবাসী রমণী ভালোবাসার মানুষের জন্য 
অপেক্ষা করে দিনের পর দিন
শহুরে বাবুর দেওয়া সন্তানকে নিজের মধ্যে ধারণ করে 
সমাজের কটুক্তিতে জর্জরিত হয়ে,
তাঁকে কেবলমাত্র আবেগের বেড়াজালে বন্দি করে রাখবেন না 
শুধু হিড়িম্বার মতো ত্যাগ নয়
না পাওয়াকে অর্জন করার ক্ষমতা দিন।
ভেঙে দিন নিম্ন বর্ণের প্রতি অন্যায় মূলক ব্যবধান। 

আজকের দ্রৌপদী, কুন্তী , হিড়িম্বাকে নতুন রূপে সৃষ্টি করুন 
তাঁরা বাঁচতে চায়
বাঁচতে চায় সম্মানে, সাহসিকতায়, ভেদাভেদহীন প্রতিষ্ঠায়,
নারী শক্তি আলো হয়ে জ্বলে উঠুক 
সে আলোয় উদ্ভাসিত হোক নব্য মহাভারতের নারী চরিত্র
লেখা হোক নবতম অধ্যায় 
অপেক্ষায় ব্যাকুল নারীগণ স্থান পাক সে কাহিনীর শুরু থেকে সমাপ্তি রেখায়।