ভূমিকম্পে মিয়ানমারে ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-২৮ ২১:৪০:২১
image

মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যম এমআরটিভি টেলিগ্রামে জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছেন। তবে স্থানীয় ত্রাণকর্মীদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 
মান্ডালয়ের বাসিন্দা এক ব্যক্তি রয়টার্সকে বলেন, সবকিছু কাঁপতে শুরু করতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি। আমার চোখের সামনেই একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। আমাদের শহরের সবাই এখন রাস্তায়, কেউ ভবনে ফিরে যাওয়ার সাহস পাচ্ছে না।
মিয়ানমারের রাজধানী নেপিদোর কাছে পিনমানার শহরে মো সায়দানার নামের একটি ত্রাণ সংস্থা অন্তত ৬০টি লাশ উদ্ধার করেছে। সংস্থাটির এক কর্মী বলেন, এ সংখ্যা শুধু আমাদের সংস্থার এবং শুধু পিনমানার হিসাব।

ব্যাংককে ভবন ধসে নিখোঁজ ১১৭
থাইল্যান্ডে অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন এবং ১১৭ জনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। 

সামরিক জান্তার চ্যালেঞ্জ
মিয়ানমারের সামরিক জান্তা বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত। বিশ্লেষকরা বলছেন, এই অস্থির পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জটিল হয়ে পড়তে পারে। 
জাতিসংঘ ও বিভিন্ন দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক সাহায্য কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তিনি ‘যেকোনও দেশকে’ সাহায্য ও অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, আন্তর্জাতিক সাহায্যের জন্য তিনি রাস্তা খুলে দিয়েছেন।
বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কূটনৈতিক মুখপাত্র জিন মার আং বলেছেন, জান্তা-বিরোধী মিলিশিয়া বা পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধারা মানবিক সহায়তা প্রদান করবে।
মিয়ানমারে ভূমিকম্পের তীব্রতা ও গভীরতা বিশ্লেষণ করে মার্কিন সরকারের একটি প্রতিবেদনে অনুমান করা হয়েছে, এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগাইং ও মেইক্তিলা অঞ্চল।-বা,ট্রি