শুভ জন্মদিন অভিনেত্রি রেহানা জলি

  • মেসবা খান
  • ২০২৫-০৩-২৭ ১৯:২২:২০
image

ঢাকাই ছবিতে মা চরিত্রের অন্যতম অভিনেত্রি রেহানা জলি। জনপ্রিয় অনেক নায়ক নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করে নিজেও জনপ্রিয়তা পেয়েছেন বেশ।
পিতা সোনা মিঞা ছিলেন এ দেশের চলচ্চিত্রের প্রথম দিককার ডাকসাইটে কৌতুক অভিনেতা। প্রয়াত জনপ্রিয় অভিনেতা ব্ল্যাক আনোয়ার তাঁর ভাই।
আজ তাঁর জন্মদিন। ২৭ মার্চের এই দিনে তিনি জন্মগ্রহন করেন পুরান ঢাকায়।
১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ নামের ছায়াছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় রেহানা জলির।
তবে তাঁর আগে মঞ্চ ও টেলিভিশন নাটকেও নিজের অবস্থান তৈরি করেন। আশির দশকের শুরুতে তিনি বদরুন্নেসা আব্দুল্লাহ পরিচালিত ‘উজান চরের দুলি’ নাটকে ‘দুলি’ চরিত্রে অভিনয় করেন।
এ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায় তখন। পাশাপাশি তিনি মঞ্চনাটকেও অভিনয় করেন। তাঁর প্রথম অভিনীত মঞ্চ নাটক বিধায়ক ভট্টাচার্যের নির্দেশনায় ‘তাইতো’।
প্রথম ছবিতে অভিনয় করেই স্বীকৃতি স্বরূপ পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। অভিনয় করেন অসংখ্য হিট, সুপারহিট ছবিতে।
তাঁর স্বর্ণালি সময়ে এমনও দিন গেছে, দিনে তিন-চার সেটে ভিন্ন ভিন্ন ছবির শুটিং করতে হয়েছে। খুব ভোরে বাসা থেকে বেরিয়ে ফিরতে হয়েছে গভীর রাতে কিংবা পরদিন ভোরবেলায়।
এক সময় প্রচণ্ড ব্যস্ত থাকা এ অভিনেত্রির হাতে এখন নেই কোনো ছবির কাজ। মালেক আফসারি পরিচালিত ‘অন্তর্জ্বালা’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি।
এরপর নতুন কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। মাঝখানে তিনি অসুস্থও ছিলেন। বর্তমানে সুস্থ থাকলেও অবসরেই কাটে তাঁর সময়। মাঝে কয়েকটি নাটকেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে।
মাঝে সাবেক প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তাও পেয়েছেন তিনি। 
জীবনের এ অবস্থানে এসে নিজের স্বর্ণালি সময়টাকে মিস করেন তিনি। অনেক সুন্দর সময় কেটেছে তাঁর। অনেক সুপারস্টার নায়ক নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। স্ক্রিনে তাদের শাসন ও আদর করেছেন। এখন এসব আর নেই। মনটা খুব খারাপ যায়। কিন্তু কিছু করার নেই।
ছোট বোনদের লেখাপড়া আর ভরণপোষণ করতে যেয়ে নিজের সংসার আর করা হয়নি তাঁর। অবশ্য এ নিয়ে কোন আফসোসও নেই তাঁর। ওরা তো মানুষ হলো?
কতটা বৃহৎ হৃদয় হলে কতটা ত্যাগী হলে এমন কথা বলতে পারেন একটা মানুষ? 
রেহেনা জলি অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে - বিরাজ বৌ, প্রতীক্ষা, গোলমাল, প্রায়শ্চিত্ত, নিষ্পাপ। এ ছবিগুলোতে নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে নায়িকার চেয়ে মায়ের চরিত্রে অভিনয় করেই বেশি জনপ্রিয় হন তিনি। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্রসহ একাধিক সম্মাননায় ভূষিত হন তিনি।
ঢালিউডের রূপালি পর্দার মমতাময়ী মায়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ।