স্টকহোমে ‘গণহত্যা দিবস-২০২৫’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-২৬ ০২:২৯:৫০
image

মঙ্গলবার (২৫ মার্চ) সুইডেনের স্টকহোমে ‘গণহত্যা দিবস-২০২৫’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এদিন বিকেলে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ছাড়াও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর গণহত্যা দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
বক্তারা তাদের আলোচনায় মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। 
বক্তারা বলেন, সেদিনের অতর্কিত হামলায় হত্যা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, বাঙালি জাতি এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের, বিশেষ করে এই দিনটিতে যারা শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।সূত্র-কালের কন্ঠ