অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন ও উৎসব বোনাস প্রদান নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইএফটির মাধ্যমে বেতন প্রক্রিয়ার জটিলতার দোহাই দিয়ে দীর্ঘ চার মাস পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এমনিতেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্বল্প বেতনে চাকুরি করেন। প্রায় শিক্ষক-কর্মচারীদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তার উপর চলছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েক দিন পরই মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ঈদ উৎসব। এমন পরিস্থিতিতে কয়েক লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করে রাখা অমানবিক। বাকবিশিস নেতারা অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর থেকে মার্চ মাসের বেতন ছাড় দেওয়ার দাবি জানান। একই সাথে ২৭ মার্চের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারসিদের শতভাগ উৎসব বোনাস প্রদান নিশ্চিত করার জোর দাবিও জানান বাকবিশিস নেতৃবৃন্দ।