মা বলতেন গ্রহণলাগা চাঁদ বা সূর্যের দিকে
তাকাস না খোকা, চোখ নষ্ট হয়ে যাবে।
আমি মা'কে জিজ্ঞাসা করতাম
আচ্ছা মা, সূর্যটাও তো একটা তারা
তাহলে তারাদের গ্রহণ আমরা দেখতে পাইনা কেন?
মা দুদন্ড চুপ করে ভাবতেন
তারাদেরও হয়, কিন্তু অতটা দূরে বলে বোঝা যায় না।
এছাড়া ওরা দুটিতে তো আমাদের পড়শি, একই কক্ষপথের নাগরিক।
আমি সবটা বুঝতাম না, কিছুটা বুঝতাম।
তবে একই কক্ষপথের নাগরিক শব্দটা
কেন জানিনা, মনে গেঁথে গেছিলো।
অনেকদিন হলো মা চলে গেছেন।
মানুষ চলে গেলে আকাশের তারা হয়ে যান
এ কথাটা তিনি বিশ্বাস করতেন না।
এখন চারদিকে শুধু গ্রহণ লাগা পড়শির মুখ
সে সূর্যই হোন অথবা চাঁদ।
একই কক্ষপথের বৃত্তে আমরা সবাই ছুটছি।
মা'গো, তুমি থাকলে জানতে চাইতাম
চোখদুটোকে নষ্ট হওয়ার থেকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়!!