কবি ও লোকসাহিত্য গবেষক অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীর জন্ম ১৯২৭ সালের ১ মার্চ বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নাগবাড়ী গ্রামে তাঁর মাতুলালয়ে।
তাঁর পিতার নাম ডা. আব্দুস সাত্তার সিদ্দিকী ও মা সমীরণ নেসা। পিতা ছিলেন একজন সৌখিন হোমিও চিকিৎসক এবং ইউনিয়ন পঞ্চায়েত ও ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান।
ড. আশরাফ সিদ্দিকী তাঁর মাতুলালয়ের পাঠশালায় শিক্ষাজীবন শুরু করেন। তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথম কবিতা লেখেন। কবিতার নাম 'নববর্ষা'।
আশরাফ সিদ্দিকী ১৯৪৮ সালে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ থেকে বাংলা সাহিত্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে অনার্স সম্পন্ন করেন। পরে আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও ফোকলোর বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি টাঙ্গাইলের কুমুদিনী মহিলা কলেজ ও রাজশাহী সরকারি কলেজ, ঢাকা কলেজে অধ্যাপনাসহ চট্টগ্রাম সরকারি কলেজ ও জগন্নাথ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাসসের সভাপতির দায়িত্ব পালন করেন।
ড. আশরাফ সিদ্দিকী অসংখ্য গল্প, ভ্রমণ কাহিনী, কবিতা ও প্রবন্ধের বই লিখেছেন। এর মধ্যে 'তালেব মাস্টার ও 'গলির ধারের ছেলেটি' উল্লেখযোগ্য।
তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ দেশ-বিদেশের নানান পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯ মার্চ ২০২০ সালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ড. আশরাফ সিদ্দিকী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শ্রদ্ধাঞ্জলি।