সু ভা ষ মু খো পা ধ্যা য়

  • সালেমনের মা
  • ২০২৫-০৩-১৯ ০০:০৯:২৫
image

পাগল বাবরালির চোখের মতো আকাশ।
তার নীচে পাঁচ ইস্টিশান পেরনো মিছিলে
বারবার পিছিয়ে প'ড়ে
     বাবরালির মেয়ে সালেমন
          খুঁজছে তার মাকে।

এ কলকাতা শহরে 
অলিগলির গোলকধাঁধায়
কোথায় লুকিয়ে তুমি,
          সালেমনের মা? 

বাবরালির চোখের মতো এলোমেলো
       এ আকাশের নীচে কোথায় 
             বেঁধেছো ঘর তুমি, কোথায়
                  সালেমনের মা?

মিছিলের গলায় গলা মিলিয়ে
      পিচুটি-পড়া চোখের দু'কোণ জলে ভিজিয়ে
           তোমাকে ডাকছে শোনো,
                  সালেমনের মা--

এক আকালের মেয়ে তোমার
আরেক আকালের মুখে দাঁড়িয়ে
তোমাকেই সে খুঁজছে ।।