স ঙ্গী তা ক র

  • প্রতিযোগী
  • ২০২৫-০৩-১৭ ১৪:৪০:১৯
image

যে শিশুটি আজ এই মুহূর্তে ভূমিষ্ঠ হলো 
ওর নাম রাখুন প্রতিযোগী 
ও ছেলে হোক বা মেয়েই হোক 
ওর একটাই নাম ও প্রতিযোগী।

ওর মুখে আধোবুলি ফুটলেই মাতৃভাষা সরিয়ে আওড়াতে শেখান বিদেশী ভাষা 
ওকে পড়তে হবে ভালো স্কুলে 
ওকে এগোতে হবে সবার আগে 
শৈশব কে পেছনে ফেলে, ছুটে বেড়ানোর মাঠ পেছনে ফেলে, 
লুকোচুরি খেলার সঙ্গী পেছনে ফেলে ও ছুটবে ওকে ছুটতে হবে। 

একটু বড় হলেই ছোটার গতি আরও বাড়াতে হবে 
নিজের শহর, দেশ ছেড়ে ছুটে যেতে হবে বিদেশে 
পিছনে ফেলে যেতে হবে আদর মাখা মায়ের আঁচল, বাবার স্নেহ।

ও দৌড়াবে সবার আগে, ওকে যেতেই হবে সবার আগে
কর্মক্ষেত্রে ছিনিয়ে আনতে হবে সেরার শিরোপা, 
তারপর একদিন সমস্ত বন্ধন পিছনে ফেলে মুখোমুখি দাঁড়াবে ফলাফলে
ক্লান্ত, বিধ্বস্ত শরীর খুঁজবে একটু স্নেহের স্পর্শ 
ও চিৎকার করে বলবে কেউ আছো 
আকাশে, বাতাসে প্রতিধ্বনি ভাসবে কেউ আছো-ও ও ও

প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীর কাছাকছি কেউ থাকে না
কখনও কেউ থাকতে পারে না 
কেউ থাকতেই পারে না।