মনন সন্ত্রাসের বদলে যাওয়া সময়
কোথাও কোনো শীলতা নেই,
কপট বিভ্রম-মর্মীতা কেবল
বানাওটি শব্দের কুহক, সুচতুর।
বোধ বৈকল্যের সাদৃশ্য পাওয়া সময়
কোথাও কোনো সহিষ্ণুতা নেই,
স্বপ্ন ঘাতক প্রতিভূ কেবল
আমার স্বস্তি যাপনে বিভ্রাট, প্রতিকুল।
কারো কোনো লোকলাজ ভয় নেই
এই সময়ে, তাই বিঘ্ন বিকার অনুভবে,
উজান স্রোতে দাঁড় টানার কষ্ট যেমন
দেহাতি জীবন, কায়ক্লেশে বাঁচা অনুরূপ।
প্রজনন পীড়ার মতো অভিলাষ প্রেমে
আজও তুমি মুগ্ধ নিবীড় হৃদয় সংলগ্ন,
তাই এখনো থেমে নেই আমার, সেই
অজন্ম অনায়াস বাসরের বিকল্প খোঁজ।