মা নি ক পা ল

  • অভিমানী স্মৃতি
  • ২০২৫-০৩-১৬ ১৭:১০:৫৯
image

তোমার চোখ দুটি এমন লাল কেন?
রাতজাগার ক্লান্তি নাকি চেপে রাখা কান্নার দহন? 
না না আমার জানার কথাও তো নয়?
তবু কেন মনে হয় আমি জানতেও পারি?

তোমার কপালে আজকাল আর টিপ পরতে দেখিনা!
তুমি কি ভুলে গেছো আয়নার কাছে দাঁড়ানো?
নাকি এখন আর সাজতে ভালো লাগে না?
তোমার এলোমেলো চুলগুলোও কি ব্যস্ততার সাক্ষী
নাকি ভেতরের কোনো ঝড়ের প্রতিচ্ছবি?

না না আমার তো জানার কথা নয়, তবু কেন ভাবি?
আচ্ছা তুমি কি এখনো সেই মিষ্টি হাসিটুকু হাসতে পারো 
নাকি জমে থাকা বিষাদের নিচে চাপা পড়ে গেছে?
তুমি কি এখনো সন্ধ্যার আকাশ দেখে হারিয়ে যাও,
নাকি খুঁজে পাও না হারানোর মতো সময়?

না না আমার ভাবনার কথাও তো নয়
তবু কেনো ভাবি?
কেনো চোখ বুজলেই তোমার মুখ খানা স্পষ্ট  ভেসে উঠে আমার হৃদয়ের ক্যানভাসে!
কেনো দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে তোমাকে ভাবতে গেলে?

তোমার জীবনের প্রতিটি বাঁক তো তোমারই,
তবে কেনো আমারও মনে হয়
সেই পথে কোথাও আমি ছিটকে পড়েছি?

আমি--আমি  কি সত্যিই ভুলতে পেরেছি?
নাকি শুধু ভুলে থাকার অভিনয় করে যাচ্ছি? 

তোমার শহরে এখনো কি সন্ধ্যা নামে আগের মতো?
রাস্তার বাতিগুলো কি ঝাপসা হয় অকারণে?
নাকি আমিই শুধু কল্পনায় দেখি
একটা ছায়া, যা তোমার মতো লাগে?

তবে কি সত্যিই আমি এখনো
তোমাকে আমার হৃদয়ে আগলে রেখেছি?
তুমি কি সত্যিই হারিয়ে গেছো, নাকি
আমার মনের এক কোণে এখনো রয়ে গেছো?
তুমিও কি পারোনি আমাকে  ভুলে যেতে?