ফা র জা না লু ব না

  • নিভৃতচারী
  • ২০২৫-০৩-১৫ ০০:৪৯:৫১
image

আমার সকল শূন্যতা জুড়ে তুমি থাকো
আমার সকল না পাওয়া জুড়ে 
তোমায় পাওয়ার মিনতি।
আমার সকল সুখে দু:খের সাথে
তুমি আছো থাকবেও তুমি।
তবুও তোমাকে আমার চাই না।
চাই না আর তোমাকে
তোমাকে না চাওয়ার মাঝেই যে
তোমায় আরো বেশী করে পাই।

কে বলেছে যে কাছে থাকলেই 
পাশে থাকলেই সব পাওয়া হয় ?
শুধু মাত্র কাছে থাকার বা পাশে থাকার 
মানেই তো ভালবাসা নয়।
তারা শুধু সহযাত্রী হয়।
অনেক দূরে থেকেও হৃদয়ের 
খুব কাছে যে থাকে সেই তো কাছের।

কাশবন খুব কাছে থেকে 
দেখতে হাল্কা লাগে কিন্তু 
দূরে থেকে কতো ঘন দেখায়।
চোখের পলক ফেলতেই যে ছবি
হৃদয়ে দোলা দেয় সেই তো নিজের 
সেই তো কাছের মানুষ হয়।

রেল লাইন দেখেছো কখনো?
দুটি লাইন পাশাপাশি আজীবন
তবুও কেউ কাউকে ছুঁতে পারেনা 
জীবনটাও ঠিক তেমনি।
গোধূলি লগ্নে আকাশ কে মনে হয় 
দিগন্তে মিশে গিয়ে একাকার হয়ে গিয়েছে
কাছে গেলেই আকাশ ছোঁয়া যায় না।

দূরে উচ্চ পাহাড়কে যেমন মেঘ ভালবেসে 
শুধু ভিজিয়ে দিয়ে যায় তবুও তার কাছে থাকেনা।
প্রকৃত ভালবাসা গুলো শুধু ভিজিয়ে যায়!
হয় তো নিজেও ভিজে তবে আপর পাশে 
সেটা থাকে অপ্রকাশিত !!
তবুও ভালবাসা শেষের পরেও রেশ রেখে যায়!
যা থাকে হৃদয়ের একান্ত আপন করে 
দুটি মনের ভিন্ন রাজ্যের পথচারী হয়ে।

ভালবাসা থেকে যায় তাকে মুছে ফেলা যায় না।
ঐ টুকুই তো শুধু থাকে ভালবাসা!
কখনো দূরে রাতের আকাশে চোখ মেললে 
দেখতে পাবে নক্ষত্র গুলো কতো ক্ষুদ্র
 দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখলেই সেই 
নক্ষত্র গুলো কতো বড় মনে হয়!
ভালবাসাও তেমনি দেখা যায় না,
ধরা যায় না,ছোঁয়া যায় না শুধু 
অনুভবে রয়ে যায়।

চাঁদের জোছনাকে আমরা কতো উপমায়
কবিতার ছন্দে উপমিত করি !
কেউ কী কখনো ভেবেছি সূর্য্য আড়াল থেকে 
চাঁদ টাকে আলোকিত করে চলেছে ।
ভালবাসা গুলোও 
তেমনি রয়ে যায় কোথাও না কোথাও 
কারো কারো হৃদয়ের মনি কোঠায়।
বেঁচে থাকে আজীবন নিরবে নিভৃতে 
নি:শব্দে শুধু দীর্ঘশ্বাস হয়ে।।