প্র দী প গু প্ত

  • বসন্তে আসিও
  • ২০২৫-০৩-১৫ ০০:৪৪:৩০
image

পলাশের রঙে মেলেছো উড়ানি হাওয়ায়
এ বসন্তে
হৃদয়ে মেখেছি সে প্রেমরঙ 

এতো লাল তুমি কোথা থেকে পাও প্রিয়
তোমার রঙিন উত্তরীয় ছোপানো বাসন্তি আবীরে
সব ঋতু আসে - সব ঋতু যায়
যায় যাক
আমি বিরহের মালা গাঁথি
তুমি নাহয় বসন্তে আসিও।

আকাশে মিশেছে নীল
বনে বনে যেন লেগেছে আগুন 
মউলগন্ধী বহ সমীরণে লাগে নেশা
পথ ভুলো নাকো প্রিয়
তুমি নব বসন্তে আসিও।

অপেক্ষায় কেটেছে দীর্ঘমাস
বিরহের
মনের অঙ্গনে এঁকেছি আলপনা
খুলেছি দুয়ার
অরুণ আলোকে ডানা মেলে রঙীন প্রজাপতি 
সেই পথ ধরে এসো
দীর্ঘতম বিরহের দানে ভরা যে গান
সে সুর সাধিও
পলাশের রঙ নিয়ে এসো প্রিয়
তুমি বসন্তে আসিও।