বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। শুক্রবার (১৪ মার্চ) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা মনে করি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক একজন খ্যাতিমান ও নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন । তাঁর মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল মনীষা সত্যিকার অর্থে গুণী ও দেশপ্রেমিক শিক্ষককে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।
আমরা প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায়বরাজধানীর বারডেম হাসপাতালে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার পর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করা হয় বলে বারডেমে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম নিশ্চিত করেছে।
গত ৬ মার্চ দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।
তখন ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।