চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি বিয়ের যাত্রীবাহী ষ্টিয়ারিং চালিত চার্জার ভ্যানগাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (১১ জানুয়ারী) রাত ৯টার দিকে পার্বতীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নজরপুর এলাকায় আড্ডা-রহনপুর সড়কে ঘটনাটি ঘটে। দেশি অস্ত্র সজ্জিত ৭-১০ জন ডাকাতের একটি দল নব বর-বধু সহ বিয়ের যাত্রীবাহী ভ্যানটির চালক ও যাত্রীদের মারধর করে সড়ক পাশের আমগাছের সাথে বেঁধে রেখে স্বর্ণালংকার,মোবাইল ফোন,নগদ টাকা ও ভ্যানটি নিয়ে যায়। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। জানা গেছে, ওই গাড়িতে চালক ও বরসহ দু’জন পুরুষ, কনেসহ ৪ জন নারী ও তিনজন শিশুসহ ৯ জন যাত্রী ছিল।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,ওয়ার্ড সদস্য ঈমাইনুল হক ও গ্রাম পুলিশ সিরাজুল হক বলেন, জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আজইর গ্রাম থেকে বরযাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে বিয়ে করে কনে নিয়ে ফিরে যাবার সময় ডাকাতের কবলে পড়েন। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় (বাল্যবিয়ে) তাঁরা রাতে বিয়ের অনুষ্ঠান করেন বলে ধারণা করা হচ্ছে। ডাকাতরা মহিলা যাত্রীদের নাক ফুল,কানের দুল,চালক আজইর গ্রামের ইসরাইলের ছেলে রফিকুল ইসলামসহ অন্যদের নিকট থেকে নগদ টাকা ও ভ্যান গাড়িটি কেড়ে নেয়। ডাাকাতরা নারীদেরও মারধর করে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনাটি ডাকাতির নয় ছিনতাইয়ের। ৩/৪ জন ছিনতাইকারী ঘটনাটি ঘটায়। আর ওই ভ্যানগাড়ীটি বিয়ের যাত্রীবাহী ছিল না। তারা একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াৎ খেতে এসেছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ও উদ্ধার তৎপরতা শুরু কলে। ওসি আরও বলেন, বুধবার(১২ মার্চ) দুপুরেও পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।