আসবেই.....
একদিন না একদিন.....
ঘুমচোখ কচলে নিয়ে দেখবে হঠাৎ,
সোনালি রোদ্দুর থেকে উড়ে এসে
পড়েছে মেঝেয়।
হতে পারে দুঃখ তার সর্বাঙ্গে জড়ানো
হতে পারে শোক
বিদ্ধ করার আগে ঘাতকের অকম্পিত ছুরি
হতে পারে সুখ এক
কার্পাস তুলোর ঢঙে, এলোমেলো
আনন্দের ব্যাখ্যা নেই কোনো।
যদি দুঃখ হয় তাকে একা রেখো বুকে.....
যদি সুখ হয় তার সুগন্ধ ছড়িয়ে দিও, যেন
বেড়াতে এসেছো একা ভোরবেলা অচেনা বাগানে।
শুধু অনুভব কোরো.......
যে পাঠালো তার কথা জিজ্ঞেস কোরো না।