জামাল নজরুল ইসলাম

  • এ ম এ আ উ য়া ল হি ট লু
  • ২০২৩-০৮-০২ ২৩:৩৯:৫৭
image

বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, 'তিনি সেরা। আমি তাঁর কাছে কিছুই না।'
সায়েন্স ওয়ার্ল্ড নামে একটি বিজ্ঞান ম্যাগাজিন ২০০৭ খ্রিস্টাব্দে জামাল নজরুল ইসলামকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। বাংলাদেশের কোনো ম্যাগাজিনে তাঁকে নিয়ে লেখা এটিই ছিল প্রথম ও শেষ প্রতিবেদন।
কৃষ্ণবিবর নামে তাঁর একটি বই রয়েছে। অনেক খুঁজেও কোথাও বইটি পেলাম না। শুধু এটাই নয়, কৃষ্ণবিবর, দ্য আল্টিমেট ফেইট অব ইউভার্স, রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি..জামাল নজরুল ইসলামের এই বইগুলো অক্সফোর্ড, ক্যামব্রিজ আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ আরও একশ'টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে আজও পড়ানো হয়। অথচ যে বাংলাদেশে তিনি জন্মেছিলেন, সেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তাঁর বই পড়ানো হয় বলে আমার জানা নেই।
২০০১ খ্রিস্টাব্দে যখন পৃথিবী ধ্বংস হওয়ার গুজব উঠেছিল, তখন জামাল নজরুল ইসলাম অংক কষে বলেছিলেন, পৃথিবী তার কক্ষপথ থেকে ছুটে চলে যাওয়ার এখন কোনো সম্ভাবনা নেই।
স্টিফেন হকিংকে চেনেন না - এমন মানুষ খুব কম আছে। তাঁর লেখা 'আ ব্রিফ হিস্ট্রি অব টাইম' বইটি এক কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে সারা বিশ্বে। সেই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৮তে। এই বই প্রকাশের প্রায় ৫ বছর আগে ১৯৮৩ খ্রিস্টাব্দে  জামাল নজরুল ইসলাম লিখেছিলেন 'দ্যা আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স' বইটি। দুটো বই-ই প্রায় একই টপিকের ওপর লেখা। 
ব্লাকহোল, ওয়ার্ম হোল, সুপারনোভা, কসমিক রেডিয়েশন, প্যারালাল ইউনিভার্স, বাটারফ্লাই ইফেক্ট ইত্যাদি জোতিপদার্থর্বিজ্ঞানীয় সব ব্যাপারগুলোই ঘুরেফিরে বইদুটোতে উঠে এসেছে। কিন্তু তুলনামূলক বিচারে জামাল নজরুল ইসলামের লেখা বইটি বিশ্বখ্যাত বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অধিক মূল্যায়ন করেছেন। অথচ হকিং-এর বই নিয়ে যতোটা মাতামাতি হয়েছে, তার ছিঁটেফোঁটাও হয়নি জামাল নজরুল ইসলামের বই নিয়ে, কেন?
বলা হয়ে থাকে, বিশ্বের ৭ জন শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম বলতে গেলে সেই তালিকায় জামাল নজরুলের নাম চলে আসবে। বিশ্বের বুকে বাংলার গর্ব জামাল নজরুল ইসলাম।
[জনাব আশিকের পোস্ট থেকে তথ্য সংগৃহীত]
১৯৮১ খ্রিস্টাব্দে লন্ডনের লাখ টাকা বেতনের চাকরি এবং উন্নত সুযোগ-সুবিধা ছেড়ে মাত্র ৩ হাজার টাকা বেতনের চাকরি নিয়ে তিনি চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে সকল সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে জামাল নজরুল ইসলাম দেশে এসেছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে জামাল স্যারকে নিয়ে কথা ওঠে। ওর কাছ থেকেই জানতে পারলাম যে, তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না। কারণ কী ছিল, জানেন? অন্য দেশের সিম কোম্পানি আমার দেশের টাকা নিয়ে যাবে, একজন দেশপ্রেমিক হয়ে তিনি সেটা মেনে নিতে পারেন না।
১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহে জামাল নজরুল ইসলামের জন্ম। তাঁর ঠিকানা ছিল চট্টগ্রামে। চাকরিসূত্রে বাবা ঝিনাইদহে থাকতেন। সেখানেই তাঁর জন্ম।  
বংশগত দিক তিনি থেকে ছিলেন অভিজাত পরিবারের সন্তান। ঢাকার নবাব বাড়ির পাশাপাশি তাঁদের যোগাযোগ ছিল জর্ডানের বাদশার পরিবারের সাথে। তাঁদের কলকাতার বাসায় কবি কাজী নজরুল ইসলামও যাতায়াত করতেন। কবির নামের সাথে মিল রেখেই তাঁর বাবা-মা নাম রেখেছিলেন ‘জামাল নজরুল ইসলাম’।
বাবা মুহম্মদ সিরাজুল ইসলাম ছিলেন ঝিনাইদহ জেলার সাব-জজ। মা রাহাত আরা বেগম ছিলেন একজন সাহিত্যানুরাগী লেখক। গানও গাইতেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' নাটকটি উর্দুতে অনুবাদ করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন তিনি। 
অধ্যাপক ইসলামের জীবনে তার মা ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু দুঃখের বিষয়, শিশু জামাল নজরুল ইসলামকে ১০ বছর বয়সে রেখেই তিনি ১৯৪৯ খ্রিস্টাব্দে জীবন নদীর ওপারে চলে যান।
শৈশবে কলকাতার একটি স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েন তিনি। সেখান থেকে চলে আসেন চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তির সময় তাঁর মেধা দেখে অভিভূত হন প্রধান শিক্ষক। মেধায় মুগ্ধ হয়ে তাঁকে ডাবল প্রমোশন দিয়ে তুলে দেন ষষ্ঠ শ্রেণীতে। এই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে চলে যান পাকিস্তানের লরেন্স কলেজে। সেখান থেকে এ লেভেল, ও লেভেল সম্পন্ন করে ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। 
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পন্ন করে জামাল নজরুল ইসলাম এরপর চলে যান লন্ডনের বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৪ খ্রিস্টাব্দে অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স এন্ড থিওরিটিক্যাল ফিজিক্স-এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
২০ বছর বয়সে তিনি দুইবার বিএসসি ডিগ্রি লাভ করেন। লন্ডনের ট্রিনিটি কলেজে তিনি দ্বিতীয়বার বিএসসি উত্তীর্ণ হন। ছোটোবেলায় যেমন ডাবল প্রমোশন পেয়ে সিক্সে উঠেছিলেন, ঠিক তেমনি পোস্ট ডক্টরাল করার সময়ও ডাবল প্রমোশন পেয়েছিলেন জামাল নজরুল ইসলাম। 
আপনারা জানেন, বিজ্ঞানে উঁচু মানের পারদর্শী হলে কিংবা খুব বড় ধরনের অবদান রাখলে ডক্টর অব সায়েন্স (ডিএসসি) ডিগ্রি প্রদান করা হয়। এ ধরনের ব্যাক্তিরা হলেন শিক্ষকদের শিক্ষক, সেরাদের সেরা। জামাল নজরুল ইসলামও ১৯৮২ খ্রিস্টাব্দে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন।
চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন বিশদ বাংলার এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে তিনি বলেছিলেন -
১৯৫৭ সালে আমি কলকাতা থেকে অনার্স শেষ করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে গণিতশাস্ত্রে ট্রাইপাস করতে যাই। সাধারণত এটা ৩ বছরের কোর্স। তবে আমি দুই বছরেই শেষ করে ফেলি। ওখানে আমার সহপাঠী ছিলেন পরবর্তীতে ভারতের বিখ্যাত গণিতবিদ নারলিকার। 
আরেকজন ছিলেন ব্রায়ান জোসেফসন যিনি তাঁর পিএইচডি থিসিসের জন্য মাত্র ৩৩ বছর বয়সে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। আমার এক বছরের সিনিয়র ছিলেন জেমস মার্লি, যিনি ১৯৬৬ সালে অর্থনীতিতে নোবেলা পান। ১৯৯৮ সালে রসায়নে নোবেল পান আমার শিক্ষক জন পোপল। আমি এগুলো বলছি এজন্য যে, সেসময় আমাদের লেখাপড়ার পরিমন্ডল কেমন ছিল তা বোঝানোর জন্য। আমার পিএইচডি থিসিস ছিল পার্টিকেল ফিজিক্সের ওপর। এর ৩-৪ বছর পর আমি আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটি নিয়ে কাজ শুরু করি। পরবর্তীকালে এর সাথে যুক্ত হয় কসমোলজি। বলতে পারেন, এই তিনটি হচ্ছে আমার আগ্রহ ও কাজের মূল ক্ষেত্র।
জামাল নজরুল ইসলাম বাংলা ও ইংরেজি মিলে বই লিখেছেন ৬টি।  এর মধ্যে ৩টি বই বিশ্ববিখ্যাত।ক্যামব্রিজ ও হার্ভার্ডসহ বেশ কয়েকটি নামিদামি বিশ্ববিদ্যালয়ে তার বই পাঠ্য হিসেবে পড়ানো হয়। তার লেখা বই ‘দ্য আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স’ ফরাসি, জাপানি, পর্তুগিজ, ইতালিয়ানসহ বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। এরপর তার উল্লেখযোগ্য বই হচ্ছে  Rotating fields in General relativity এবং An introduction to mathematical Cosmology.
বিজ্ঞানবিষয়ক গবেষণার জন্য লন্ডনের রয়্যাল সোসাইটি এক অনন্য নাম। এখানে গবেষণাপত্র প্রকাশ করা মানে আক্ষরিক অর্থে রাজকীয় কাজ সম্পন্ন করা। জামাল নজরুল ইসলাম এই প্রসিডিংসয়ে ধারাবাহিকভাবে ৬টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। এখানে গবেষণাপত্র প্রকাশ করতে হলে রয়েল সোসাইটির কোনো ফেলো সদস্যের রিকমেন্ডেশন লাগে। তাঁর জন্য রিকমেন্ডেশন করেছিলেন তাঁরই রুমমেট ও বন্ধু বিজ্ঞানী স্টিফেন হকিং এবং ফ্রেড হয়েল। এখানে গুরুত্বপূর্ণ ও উঁচু মানের গবেষণার জন্য ১৯৮২ খ্রিস্টাব্দে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানজনক ডিগ্রি 'ডক্টর অব সায়েন্স' প্রদান করে।
জামাল নজরুল ইসলাম বাংলায় উল্লেখযোগ্য বই লিখেছেন কৃষনবিবর, 'মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা, অন্যান্য প্রবন্ধ, শিল্প সাহিত্য ও সমাজ। ‘দ্য আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স’ই তাঁর প্রথম বই, যা ১৯৮৩ খ্রিস্টাব্দে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়। 
১৯৮১'র দিকে দেশে ফিরে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হিসেবে তিনি যোগ দেন। এ সময় তাঁর বেতন ছিল আটাশশ’ টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কিছুতেই রাজি হয়নি তাঁকে তিন হাজার টাকা বেতন দিতে। এই বেতনেই তিনি অধ্যাপনা করে যান। এখানে এক বছর অধ্যাপনা করার পর গবেষণার কাজে এবং পারিবারিক প্রয়োজনে আবার লন্ডনে ফিরে যাবার প্রয়োজন দেখা দেয় তাঁর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার জন্য বাইরে গেলে কর্তৃপক্ষ ছুটি প্রদান করে এবং ফিরে আসা পর্যন্ত চাকরি বলবৎ থাকে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিচ্ছিল না। উপায় না দেখে চাকরি ছেড়ে চলে যান তিনি। দুই বছরে সেখানে তিনি তাঁর গবেষণা সম্পন্ন করেন। 
এরপর ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি সেখানকার বাড়িঘর বিক্রি করে স্থায়ীভাবে দেশে চলে আসেন। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বেতন বাড়িয়ে তিন হাজার টাকায় উন্নীত করে আর মাঝখানের সময়টিকে শিক্ষা ছুটি হিসেবে গণ্য করে।
দেশের মাটিতে তাঁর ভোগান্তি এতো অল্প ছিল না। পরিস্থিতি কেমন নেতিবাচক ছিল - সে সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এম হারুন অর রশিদের একটি লেখায়। অধ্যাপক ইসলামের মৃত্যুর পর তাঁকে স্মরণ করে কালি ও কলম নামের এক সাহিত্য ম্যাগাজিনে তিনি লিখেছেন -
জামালের সঙ্গে আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হয় ১৯৮৪ সালে, যখন তিনি ক্যামব্রিজ থেকে চট্টগ্রামে চলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।একদিন তিনি টেলিফোনে আমাকে লণ্ডন থেকে জানালেন যে, তিনি বাংলাদেশে চলে আসতে চান। আমি বলেছিলাম, এটা নিশ্চয়ই খুব ভালো সিদ্ধান্ত। তবে তিনি যদি তাঁর দরখাস্তটি অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দেন, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলাপ করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিতে পারি।
উত্তরে তিনি যা বলেছিলেন, তা শুনতে আমি প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, তিনি ঢাকায় যাবেন না, তিনি চট্টগ্রামে যাবেন। কেননা সেখানে রয়েছে তাঁর পৈতৃক ভবন। আমি তাঁকে বোঝাতে চেষ্টা করলাম যে, মনে হয় না চট্টগ্রামে তিনি খুব ভালো ছাত্র পাবেন এবং হয়তো সেখানে তাঁর গবেষণাকর্ম ব্যাহত হবে। কিন্তু তিনি সে-কথা মোটেই কানে তুললেন না। তাঁর কথা ছিল একটাই যে, আমি যেন তাঁর দরখাস্তটি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অবিলম্বে দেখা করি। আমি তাই করেছিলাম। 
একদিন সকালে ট্রেনে চট্টগ্রামের টিকিট কিনে চট্টগ্রাম পৌঁছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁকে বললাম, জামাল নজরুল ইসলাম এদেশের সম্পদ – তাঁকে আপনার বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা আপনাদেরই সৌভাগ্য। উপাচার্য করিম সাহেব আমার সঙ্গে একমত হলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে, জামাল নজরুল ইসলামের জন্য পদার্থবিজ্ঞান বিভাগে একটি অধ্যাপক পদ অনতিবিলম্বে সৃষ্টি করে তাঁকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।
দুঃখের বিষয়, ঢাকায় ফিরে এসে কয়েকদিন পরে খবর পেলাম, কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগে পদ সৃষ্টি করা সম্ভব হবে না। তাই কিছুদিন পরে গণিত বিভাগেই একটি পদ সৃষ্টি করা হয়েছিল এবং তাও দ্বিতীয়বার আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে সকলকে বিশেষভাবে অনুরোধ করার পর। যাহোক, শেষ পর্যন্ত সকলের আন্তরিক প্রচেষ্টায় অধ্যাপক জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করতে সমর্থ হয়েছিলেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণার জন্য উন্নত মানের একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। এর অধীনে অনেক শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচ.ডি করেছেন এবং তাঁদের মান নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।
একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ জেএন ইসলাম সম্পর্কে বলতে গিয়ে হকিং বলেছিলেন, ‘জেএন ইসলাম আমার রুমমেট, বন্ধু এবং আমরা ছিলাম পরস্পর পরস্পরের শিক্ষক। জামাল নজরুল ইসলাম সেরা। আমি তার কাছে কিছুই না। 
সারা বিশ্বে বিজ্ঞানী মহলে জেএন ইসলাম জিনিয়াস ইসলাম নামেও পরিচিত ছিলেন। জাপানি প্রফেসর মাসাহিতো বলেছেন, ‘ভারতের বিখ্যাত জ্যোতির্পদার্থ বিজ্ঞানী জয়ন্ত নারলিকা জেএন ইসলামের সহপাঠী ছিলেন। ফ্রেডরিক হয়েল, নোবেল বিজয়ী বিজ্ঞানী ব্রায়ান জোসেফসন, স্টিফেন হকিং, প্রফেসর আব্দুস সালাম, রিচার্ড ফাইনমেন, অমর্ত্য সেন প্রমুখ ছিলেন জামাল নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের মুখে আমি অনেকবার জেএন ইসলামের কথা শুনেছি। জেএন ইসলামের ‘দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স’ লেখা হয়েছে ১৯৮৩ খ্রিস্টাব্দে। আর হকিংয়ের ‘অ্যা ব্রিফ হিস্টরি অব টাইম’ লেখা হয়েছে ১৯৮৮ খ্রিস্টাব্দে। দুটি গ্রন্থ তুলনা করলে নিঃসন্দেহে জেএন ইসলামের বইটি যে-কোনো বিবেচনায় শ্রেষ্ঠ। 
কিন্তু ব্রিফ হিস্টরি অব টাইম নিয়ে আমরা যে তোলপাড় করেছি, জেএন ইসলামের আল্টিমেট ফেইট নিয়ে তার এক সহস্রাংশও করিনি। হকিং তাঁর মূল্যবান গবেষণা-সময়ের অধিকাংশই ব্যয় করতেন বাঙালি প্রফেসর জামাল নজরুল ইসলামের সঙ্গে। তাদের সম্পর্ক ব্যক্তিগত বন্ধুত্ব থেকে পারিবারিক বন্ধুত্বে উন্নীত হয়েছিল। হকিংয়ের জ্যেষ্ঠ ছেলে রবার্ট, কন্যা লুসি এবং কনিষ্ঠ ছেলে থিমোতি জামাল নজরুল ইসলামের সঙ্গ খুব পছন্দ করতেন। জামাল নজরুল ইসলামের দুই মেয়ে সাদাফ যাস সিদ্দিকি ও নার্গিস ইসলাম ছিলেন তাদের খুব আদরের। সাদাফ যাসের আমন্ত্রণে লুসি ২০১৪ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লিট ফিস্টে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছিলেন। 
অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন ছিলেন জামাল নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। তিনি ১৯৯০ খ্রিস্টাব্দে বাংলাদেশে এলে বন্ধু জামাল নজরুল ইসলামের সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রাম গিয়েছিলেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী আবদুস সালাম বাংলাদেশে এলে বিমান বন্দরে নেমে বলেছিলেন, জেএন ইসলামকে খবর দিন। ওই সফরে জেএন ইসলামকে একটা পদকও দিয়েছিলেন প্রফেসর আবদুস সালাম। উল্লেখ্য, বয়সে জামাল নজরুল ইসলাম ছিলেন হকিংয়ের সিনিয়র কিন্তু আবদুস সালাম এবং অমর্ত্য সেনের জুনিয়র।
জেএন ইসলামের লেখা এবং ক্যামব্রিজ থেকে প্রকাশিত ‘রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি’ বইটিকে বলা হয় আধুনিক বিজ্ঞানের একটি অদ্বিতীয় বই। অথচ অধিকাংশ বাঙালি এ সম্পর্কে কিছুই জানে না। 
নিজের ঘরের মানুষের কৃতিত্বের খবর যদি ঘরের মানুষ না রাখে, তাহলে বাইরের লোকে রাখবে কেন? জেএন ইসলামের ‘দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স’ ছাড়া আর কোনো বাঙালির বই হিব্রু ভাষায় অনূদিত হয়নি।
জামাল নজরুল ইসলাম ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক। নিজের আয় থেকে অর্থ জমিয়ে দরিদ্র ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। ১৯৭১-এ ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন। সর্বোপরি, বিদেশে সহস্র পাউন্ডের লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে জামাল নজরুল ইসলাম বাংলাদেশে চলে এসেছিলেন। শুধু তাই নয়, মুহম্মদ জাফর ইকবাল দেশে ফেরার আগে জামাল নজরুল ইসলামের পরামর্শ চাইলে তিনি জাফর ইকবালকে দ্রুত দেশে ফেরার ব্যাপারে উৎসাহ যুগিয়েছিলেন।
দেশের জন্য, দেশের বিজ্ঞানচর্চার জন্য তিনি যে পরিমাণ আন্তরিকতা দেখিয়েছেন, তা অনন্য।নিভৃতচারী ও প্রচারবিমুখ এই গুণী বিজ্ঞানী ২০১৩ খ্রিস্টাব্দে ৭৪ বছর বয়সে পরলোক গমন করেন।
আমরা এই মহান ব্যক্তিটিকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছি কি? 


সূত্র - Shafi Ameen।
[ঈষৎ পরিমার্জিত]