শুভ জন্মদিন দীঠি চৌধুরী

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০৯ ২৩:২২:৪৬
image

প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দীঠি চৌধুরী। তিনি নিজেও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। নব্বইয়ের দশক থেকে গানের জগতে আছেন। 
এই ঢাকাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। জন্ম মালিবাগ চৌধুরীপাড়ায় ৯ মার্চ। 
দীঠি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
শৈশবের স্মৃতিচারণা নিয়ে দীঠির সরল স্বীকারোক্তি - মালিবাগ চৌধুরীপাড়া নিয়ে রয়েছে তাঁর অনেক স্মৃতি। তাঁদের অনেক বড় একটা বাসা ছিল। আর একান্নবর্তী পরিবার হওয়ায় দাদা-দাদি, চাচা-চাচি সবাই একসঙ্গে থাকতেন।
তাঁর ছোটবেলাটা এ রকম একান্নবর্তী পারিবারিক আবহেই কেটেছে। তাঁর বাবা পরিবারের সবচেয়ে বড়। তাঁরা চাচাতো, ফুফাতো মিলিয়ে অনেক ভাই-বোন ছিলেন। সবাই মিলে ছোটবেলা থেকেই হৈ-হুল্লোড় করে বড় হয়েছেন এখন যেটা হয় না। 
তখন কিন্তু পাড়া-প্রতিবেশীদের মধ্যে অনেক আসা-যাওয়া ছিল। একে অপরের আপদে-বিপদে পাশে দাঁড়াত। আগের সামাজিক বন্ধনটা ছিল বেশ দৃঢ়। ক্রমেই সমাজের সম্প্রীতির বন্ধন ক্ষীণ হয়ে আসছে। 
সামাজিক বন্ধন শিথিল হওয়ায় বাড়ছে অসামাজিক কর্মকাণ্ড। আধুনিক জীবনের চরম ব্যস্ততায় ব্যক্তিজীবনে বাড়ছে অস্থিরতা।
একটি স্থিতিশীল, সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাইলে পারিবারিক ও সামাজিক বন্ধন বাড়াতে হবে।
অমন পিতার সুযোগ্যা কন্যা বলেই না এমন কথা বলা যায়! 
শিল্পী দীঠি তাঁর পিতার লেখা বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন। খ.ম. খুরশিদ পরিচালিত 'বাংলার দর্পণ' চলচ্চিত্রে পিতা গাজী মাজহারুল আনোয়ারের লেখা দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 
বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ছাড়াও জাতীয় ভাবে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দীঠি নিয়মিত সঙ্গীত পরিবেশন করে চলেছেন। করছেন উপস্থাপনাও।
অনেকেরই হয়তো বিষয়টি জানা নেই যে দীঠি 'শাস্তি' নামের একটি চলচ্চিত্রে আট বছরের ছেলের ভুমিকায় শিশু শিল্পী হিসেবে অভিনয়ও করেছেন। 
দীঠির মা ছিলেন একসময়ের জনপ্রিয় একজন উপস্থাপিকা। পারিবারিক আবহেই সংস্কৃতির ভুবনে পথচলা শুরু হয় তাঁর।
আগামি দিনগুলো হোক দীঠির আরও সুন্দর আরও দেদীপ্যমান। 
ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।