সু বো ধ স র কা র

  • "ধর্ষণ"
  • ২০২৫-০৩-০৮ ২৩:৩৬:৫২
image

মেয়েরা কেন রাস্তায় উত্তেজক পোশাক পরে বেরয়?
আর পারলেন না মৈত্রেয়ী চট্টোপাধ্যায়, সপাটে জবাব দিলেন
'তাহলে তো যারা বিকিনি পরে তাদেরই সবচেয়ে ধর্ষিত হবার কথা'। 

৭ বছরের বালিকাকে নদীর দিকে নিয়ে চলেছো তোমরা কারা?
অন্ধ নারীর হাতে মোমবাতি, সে তোমাদের আলো দিতে এসেছিল
তোমরা তিনজন অপেক্ষমাণ অন্ধকার ঘরে
সে তোমাদের আলো দিতে এসেছিল! তাহলে আলো ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ? 

কে যেন বললোঃ মেয়েদেরই দোষ
রাস্তায় বেরিয়ে মেয়েরা এত হাসে কেন?ওতে পুরুষ আকৃষ্ট হয়। 
হায়রে! মেয়েরা হাসতেও পারবে না?
কে যেন বললোঃ ভরসন্ধ্যেবেলায় মেয়েরা ছাদে দাঁড়ায় কেন? 
শুনুন, একটি মেয়ে কী পরবে , কী ভাবে হাসবে , কোথায় দাঁড়াবে 
সেটা তাকেই ঠিক করতে দিলে ভালো হয় 
পুরুষ যন্ত্রটি আপনার , আপনি নিজেই ওটার দায়িত্ব নিন। 

কোন মেয়ের যদি সুন্দর দুটো পা থাকে , সে একশোবার
পা-খোলা পোশাক পরে রাস্তায় নামবে 
আমরা যারা ভালোবাসতে পারলাম না , তারাই 
হেমন্তের সন্ধ্যায় হাত ধরার নাম করে বুক ধরতে চেয়েছি । 

শিউলিতলায়, দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর হিম হয়ে আসে 
কারা যেন একদিন আমার ছোটবোনকে তুলে নিয়ে গিয়েছিলো, আবার
রেখেও গিয়েছিলো , বোন লজ্জায় শিউলিগাছকে 
জড়িয়ে ধরতেই নিমেষে রূপান্তরিত হলো গাছ। 

পনের বছর বাদে, আজও , একটা দুটো শিউলি ঝরে পড়ে 
শিউলির গন্ধ নয় , বোন তোর সদ্যস্নাত চুলের গন্ধ ভেসে আসে।

কোথাও কি সেই পুরুষ আছে যে এই গাছকে ধর্ষণ করতে পারে?