ন ব নী তা দে ব সে ন

  • উল্টো সোজা
  • ২০২৫-০৩-০৭ ০১:৩১:১৪
image

"এতো ঢাকঢাক-গুড়গুড়ের আছেটা কি মশাই
ভণ্ডামি ছেড়ে যা বলার তা
সোজাসুজি বলুন"!

"দেখুন, জীবনটা সোজা নয়
জীবনে কিছুই সোজা যায় না
এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে
একটা গাছ, সেও সূর্যের দিকে
প্রথমেই সিধে ওঠে না, গোড়ায় একটু আঁকেবাঁকে
তাল নারকোল খেজুর টেজুর দু-একখানা
পামজাতীয় একলসেঁড়ে উচ্চাকাঙ্ক্ষী
উদ্ভিদ্ ভিন্ন
কিন্তু
তাদের শেকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি?
বলুন তো মাটির নীচে গিয়ে
তাদের সোজাসুজির জারিজুরি খাটে কিনা?
উঁহু, সেখেনে তেনাদের ভেন্ন মুর্তি!
নদীর কথা বাদই দিচ্ছি...
এই আপনাদের মহদাশয় সমুদ্রের কথাটাই ধরুন,
একখানা ঢেউও কি সে সিধে পাঠায়?
আর এই যে পূজ্যপাদ হিমালয়
তাঁর কোনখানটা সোজা মশাই?
তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফুঁ
সেও খুব সোজা ধায় কি,
ক্ষণে ক্ষণে দিক্ পাল্টায়
আমি সামান্য মানুষ
আমি কি করে সোজা বলব,
সোজা চলব? হাঁটতে গেলেই
ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে
বাঁ পা-খানা বাঁয়ে হেলে যায়
সেই ছেলেবেলা থেকে
ঢের চেষ্টা করে দেখেছি মশাই
কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনে
একে কি আপনি ভণ্ডামি বলবেন?
আমাকে কি বলবেন
দুমোখো সাপ?
দেখুন দাদা
দুটো জিনিস কেবল সোজাসুজি চলে...
আকাশ ফুঁড়ে বিষ্টি,
আর চক্ষু ফুঁড়ে জল
আর, একখানা কথাই কেবল
সোজাসুজি বলা যায়
মিথ্যে।"