প্র দী প গু প্ত

  • খেলা
  • ২০২৫-০৩-০৬ ০২:০৪:৩১
image

বোকা চাঁদ
সূর্যের খেলা বোঝে না।
চাঁদকে বোকা পেয়ে
সূর্যও চাঁদকে খেলায়। 
কখনওবা হাজার ওয়াটের আলো ফেলে ওর মুখে
কখনওবা ড্রপসিন টেনে দেয়
চাঁদ ওতেই খুশী
ওর তো আর কিছুই করার নেই
ওর যে পুতুল হয়ে থাকতেই হবে।

রূপ ঝলমলে চাঁদের
দেমাকে পা পড়ে না
গুমোরের জোরে, ধরে টান মারে নদীতে সাগরে।
ওদের বোঝায় -- দেখো, তোমাদেরকেও কেমন বেঁধেছি
আমার শাসনে।
সূর্যও দেখে খুশী হয়।
আসলে সে জোরটুকুও তো ওরই দেওয়া
ওইটুকু না দিলে চাঁদকে যে বেঁধে রাখা যাবে না
সেটা সূর্য বোঝে, চাঁদও।

শুধু ঠ্যাটা তারাগুলো এসব দ্যাখে
আর মিটিমিটি হাসে।
হোক ছোট, তবু ধার করা আলোয়
টিকে থাকতে হয় না ওদের। 
ওইসব ঠ্যাটা তারাগুলোর ওপর ওদের খুব রাগ
সূর্য ওদের এড়িয়ে চলতে জানলেও
কীভাবে এড়িয়ে চলা যায় সেকথা জানায় না চাঁদকে
তাই নিজে ওদের এড়িয়ে অন্যপিঠে গিয়ে ফের
আলো ফেলে।

অমাবস্যার রাতে
তাই চাঁদ কেঁদে ভাসায়
আর তারাগুলো ঝলমলিয়ে হাসে।