জা হা না রা বু লা

  • মুদ্রার অন্ধকার পিঠ
  • ২০২৫-০৩-০৬ ০১:৫৬:৪৮
image

মনে হয় আমি ঠাঁই খুঁজে পাইনি তোমার গভীরতায়
অথবা আমার গভীরে ডুবে যেতে পারোনি তুমি
তাই আজ ফিরে গেছি দু'জনেই নিজ নিজ ঘরে। 

ভালোবাসা বুকের মধ্যেই নিরাপদ, কেড়ে নিতে পারে না কেউ,
ঘুমাক সে, সেখানেই ঘুমাক, সেখানে অন্ধকার- 
ঘুমিয়ে থাকবে ভালো। 

যদিও চেয়েছিলাম আলোর দিশারী হবো আমরা
চির অভ্যস্ততায় অন্ধকারেই কুকড়েমুকড়ে-
পড়ে থাকি নুন মাখা চিনেজোঁক হয়ে। 

আলোতে ভয় নেই কোনো, তবে অনভ্যস্ততায়- 
ঝলসে ওঠে চোখ- 
দুই নবজাতক গর্ভ বহীর্ভূত কেবলই যেন। 

নাকি তোমার অপ্রাপ্তি আকাশ ভেদি দূরত্ব অবধি 
যেখানে গমন ওড়েনি আমার, 
সমকক্ষতা নেই কোনো?

অতোটা গভীর কি হতে পারি আমি? 
অতটা ঊর্ধমূখি? 
আমি এক সাধারণ, সাধারণ ধারায় চলি, 

অতটা তো তুমিও হতে পারোনি বলেই-
সাঁতার বিহীন দাঁড়িয়ে থেকেছিলে অনায়াসে 
গভীর নদীর জলে।