মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরেরআ ঘোষণা দিয়েছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-০৬ ০০:১২:৪৪
image

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরেরআ ঘোষণা দিয়েছেন। 
এক ফেসবুক বিবৃতিতে বুধবার তিনি জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের পর এখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন।’
মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়। 
উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।
টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে।
 
মুশফিকুর রহিমের ওয়ানডে ক্যারিয়ার
২০০৬ সালের আগস্টে যাত্রা শুরু। সে যাত্রাটা থেমে গেল বুধবার রাতে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের অধ্যায়টা এখন স্রেফ অতীত।
তবে ১৮ বছর ২০২ দিন দীর্ঘ এই ক্যারিয়ারে অর্জনের খাতাটা অবশ্য একেবারে মন্দ নয় তার। ২৭৪ ম্যাচে তিনি খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। তিনি বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে।
এখানেই শেষ নয়। ওয়ানডে ক্রিকেটে তিনি বাংলাদেশের জার্সি গায়ে করেছেন ৭৭৯৫ রান। দেশের হয়ে এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে কেবল আছেন তামিম ইকবাল। 
তার ওয়ানডে ক্যারিয়ারটা টিকে ছিল ১৮ বছর ২০২ দিন। এত দীর্ঘ ক্যারিয়ার বাংলাদেশের আর কারও ছিল না। বিশ্বক্রিকেটেও এত লম্বা ক্যারিয়ারের দেখা হরহামেশা মেলে না। তার চেয়ে লম্বা ক্যারিয়ার এমন ক্রিকেটারের সংখ্যা হাতে গুণে ৭ জন। নামগুলো দেখুন– শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, সনৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল, শন উইলিয়ামস, শোয়েব মালিক। বুঝুন তাহলে রেকর্ডটার মাহাত্ম্য!
তিনি বিদায় নিয়েছেন ২৯৭টি ডিসমিসাল নামের পাশে নিয়ে। ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। নামগুলো শুনুন আরও একবার– অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম নামটা মুশফিকের। শীর্ষ পাঁচের ওই এলিট ক্লাবে আরও বেশ কিছু দিন হয়তো থাকবেন তিনি।
মুশফিকের সবশেষ ওয়ানডে সেঞ্চুরিটা এসেছিল ৩৫ বছর ৩১৫ দিন বয়সে। যা তখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল। ওহ হ্যাঁ! বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও সেটাই, ৫৯ বলে সেঞ্চুরিটা করেছিলেন মুশফিক।
সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটা সে বছর বিশ্বকাপে সেঞ্চুরি করে ভেঙেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তবে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখনও তার আছে, হয়তো থাকবে আরও বেশ অনেক দিন।
সেসব তো স্রেফ রেকর্ডের কথা। বাংলাদেশের ক্রিকেটকে মুশফিক এনে দিয়েছেন অজস্র স্মরণীয় মুহূর্ত। রেকর্ড মুছে গেলেও সেসব মুছবে না, থেকে যাবে স্মৃতির পাতায় অমলিন হয়ে।