"কাজলরেখা" গল্প না বাস্তবতা

  • তানবিরা হোসেন
  • ২০২৫-০৩-০৪ ১৯:১৪:২১
image

প্রায় চারশো বছর আগের বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকা "কাজলরেখা" অবলম্বনে দুই হাজার চব্বিশে সিনেমা বানিয়েছেন "মনপুরা" খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। গল্পের নায়িকা "কাজলরেখা"র বাবা সাধু ধনেশ্বর সওদাগর শুক পাখির কথানুসারে মেয়েকে বনবাসে দেয়, সেখানে মৃত রাজকুমার সূঁচকুমারের সাথে তার বিয়ে হয়। এতেও নিয়তি শান্তি হয় না, বারো বছর তাকে স্বামী'র সংগ পাওয়ার জন্যে অপেক্ষা করতে হয়। এরমধ্যে রাজা কঙ্কনদাসীর কবলে পড়েন। কঙ্কনদাসী আর এক ভাগ্যহত নারী যাকে তার বাবা মাত্র একটি কঙ্কনের বিনিময়ে এই জংগলে অচেনা লোকদের কাছে চির জনমের মতো বিক্রি করে যান। জানি না, এই চরিত্রটি কেন নেতিবাচক? দুইটি মেয়েই তো তাদের ভাগ্যের কাছে অসহায়, লাভে আছে শুধু সূঁচরাজা।
যাহোক, সম্ভবত এখনো পর্যন্ত বাংলা ভাষায় সিনেমা হিসেবে নির্মিত একমাত্র গীতিকাব্য। সহজ করে গল্প বলা আর সুমধুর সংগীতের জন্যে রটারডাম সিনেমার জুড়িদের ভূয়সী প্রশংসা পেয়েছে এই সিনেমা। কিন্তু আমার গল্প ভিন্ন। মৈমনসিংহ, বাংলাদেশের একটি অঞ্চল, "কাজলরেখা" চারশো বছর আগের একটি গীতিকা বলে এটিকে পাশে সরিয়ে রাখা যায়? না, যায় না। লোকগীতি তৈরি হয় লোকাচার থেকে। আর দুই হাজার চব্বিশেও সেই লোকাচার বর্তমান।
দুই হাজার পাঁচ সালে, তখনও নেদারল্যান্ডস এম্বেসী গুলশান থেকে নেদারল্যান্ডসের ট্যুরিস্ট ভিসা পাওয়া যেতো, আমার পরিবারের একজন সদস্যের জন্যে ভিসা এপ্লাই করা হয়েছে। নির্ধারিত দিন সকালে পাসপোর্ট জমা নেয়ার আবার নির্ধারিত দিন দুপুর সম্ভবত তিনটার পর পাসপোর্ট কালেক্ট করার সময় ছিলো। দুটো গেইটও আলাদা ছিলো। পাসপোর্ট কালেক্ট করার সময়, রিসিট আর এপয়ন্টমেন্টের সময় দেখে এক একজনকে ডাকতো, ভেতরে যেতো। আর কেউ বেরিয়ে এলেই আশেপাশে জমে থাকা অনেকেই যাদের আসলে নেদারল্যান্ডস ভ্রমণের সাথে কোন যোগাযোগ নেই, ঘিরে ধরতো, ভিসা হইছে? ভিসা হইছে? তেমনই এক দুপুরে আমরা ভিসা নিয়ে বিজয়ী বেশে বেড়িয়ে আসার সময়, এক ভদ্রলোক (পড়ুন সাধু ধনেশ্বর সওদাগর) আমাকে ধরলো। আমি যেহেতু নেদারল্যান্ডস রেসিডেন (নেদারল্যান্ডস প্রবাসী), আমি নিশ্চয় হয়ত কোন সাহায্য করতে পারবো।
নেদারল্যান্ডস থেকে এক সূঁচকুমার বাংলাদেশে যেয়ে সাধু ধনেশ্বর সওদাগরের "কাজলরেখা"কে বিয়ে করে মাস দুই থেকে, মেয়েকে নেদারল্যান্ডস নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে সেই যে চলে এসেছে, এসে আর কোন যোগাযোগ করে নাই। নাই নাই সূঁচকুমারের আর কোন খোঁজ নেই। বাংলাদেশে যাদের মধ্যস্থতায় বিয়ে হয়েছিলো তারাও আর কিছু বলতে পারে না। সাধু ধনেশ্বর সওদাগর এখন মরিয়া তার "কাজলরেখা"কে নেদারল্যান্ডস পাঠাবে। কাজলরেখা যেনো নেদারল্যান্ডসে এসে তার সূঁচকুমারকে খুঁজে নেয়। নেদারল্যান্ডস এম্বেসী বারবার "কাজলরেখা"র ভিসা রিজেক্ট করে দিচ্ছে। তাতে সাধু ধনেশ্বর সওদাগর খুবই ক্ষ্যাপা। রাস্তায় দাঁড়িয়ে ডাচ এম্বেসীকে ধুয়ে দিচ্ছে। আর এখন পেয়েছে আমাকে। যেকোন ধরনের ব্যাপারে আমার জড়িয়ে পড়ার প্রবণতা খুবই প্রবল। আর তার মধ্যে যদি কোন অসহায় মেয়ে, কান্না এসব থাকে তাহলে তো আর কথাই নেই। আমি আবার কোন ঝামেলায় যাতে জড়িয়ে না পড়তে না পারি সেজন্যে পরিবার থেকে বারবার গাড়িতে উঠে চলে আসার তাগাদা দেয়া হচ্ছে।
কিন্তু আমি সাধু ধনেশ্বর সওদাগরকে জিজ্ঞেস করেই ফেললাম, ভিসা কেন রিজেক্ট হচ্ছে?
ডাচ এম্বেসী বলেছে, বরের ঠিকানা নিয়ে আসো, তারপর ভিসা দেবো।
আমি হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করলাম, ঠিকানা ছাড়া আপনি মেয়েকে কোথায় পাঠাবেন?
সাধু ধনেশ্বর সওদাগর বেশ চড়া গলায় বলছেন, ওখানে যেয়ে মেয়ে খুঁজে নেবে।
আমি "কাজলরেখা"র দিকে তাকালাম। এই নির্বোধ বাবার ওপর ভরসা করে গ্রাম থেকে শহরে এসে এম্বেসীর সামনে দাঁড়িয়ে আছে। লাজুক আর অসহায় মুখের লম্বা বিনুনি করা সদ্য কৈশোর পেরোনো
মেয়েটার মুখ আর মনে নেই আমার কিন্তু ছায়া মনে আছে। আমার দিকে তাকিয়ে আছে। আমি কি তাঁর সূঁচকুমারকে চিনি? সাধু ধনেশ্বর সওদাগর আমাকে বলছে, যত টাকা লাগে আমাকে দেবে, মেয়েকে ভিসা করিয়ে যদি আমি নেদারল্যান্ডস নিয়ে আসতে পারি। আমার কোন ফোন নাম্বার বা কিছু যদি তাদের দেই। তারা যোগাযোগ করবে।
বলা বাহুল্য, আমি যেনো কোন ঝামেলায় জড়িয়ে পড়তে না পারি, আমাকে গার্ড দিয়ে আমার পরিবার, গাড়িতে ঢুকিয়ে নিয়ে চলে এসেছে। আসার পথে ভেবেছি, এই কুড়ি বছর পরেও ভাবি, ডাচ এম্বেসী এই অচেনা অজানা অসহায় মেয়েটির প্রতি যতটা সদয় ছিলো, সাধু ধনেশ্বর সওদাগর কি নিজের মেয়ের প্রতি সেটা ছিলেন? ডাচ এম্বেসী কাজলরেখা'র কনসিকুয়েন্স ভেবেছিলো কিন্তু ধনেশ্বর সওদাগর শুধু নিজের ফেসভ্যালু নিয়ে চিন্তিত ছিলেন। ইংরেজি, ডাচ কিচ্ছু জানে না একটা সতের আঠারো বছরের মেয়ে নেদারল্যান্ডস এসে কোথায় যাবে? কার কাছে উঠবে? কোথায় পথে পথে হাঁটবে? নেদারল্যান্ডসে কোন বিপদ ওঁত পেতে নেই! ধরে নিলাম, প্রবাসে বাংলাদেশি সমাজ ছোট, বরকে এই মেয়ে খুঁজে পেলো। দরজা নক করার পর, তিন বাচ্চাসহ ডাচ স্ত্রী নিয়ে সুখের সংসারের কোন সূঁচকুমার বের হলে? সাধু ধনেশ্বর সওদাগর এগুলো কি ভেবেছেন? শুক পাখি ছাড়াই তিনি মেয়েকে বনবাসে পাঠাতে মরিয়া।
যত টাকা লাগবে তা দিয়ে মেয়েকে কোন এক ভুল মুহূর্তে কিছু মন্ত্র উচ্চারণ করা বিদেশি জানোয়ারের হাতে তুলে দিতে হবে কেন? মেয়েকে পড়াশোনা করিয়ে স্বাবলম্বী করলে? টাকাটা মেয়েকে দিয়ে দিলে সমস্যা কি? করে খা।
"কাজলরেখা"দের বনবাসেই কেন আসতে হবে? অন্য উপায় নেই? সত্যিই নেই?