শুভ জন্মদিন 'ঢাকা ৮৬'র নায়িকা রঞ্জিতা

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০৪ ১৮:৫৬:৩৫
image

আশির দশকের শেষের দিকে সিনেমায় আসেন রঞ্জিতা। নব্বইয়ের দশকজুড়ে ছিল তাঁর উপস্থিতি। ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানটির জন্য সিনেমাপ্রেমী দর্শকেরা মনে রেখেছেন তাঁকে। গানটির ছবির নাম ‘ঢাকা ৮৬’। 
নায়করাজ রাজ্জাক পরিচালিত এই ছবিতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন রঞ্জিতা। সে সময় বেশকিছু ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের স্মৃতিতে এখনো রয়ে গেছে তাঁর মুখ। অকালপ্রয়াত সংগীতশিল্পী জুয়েলের বোন তিনি। 
রঞ্জিতার চলচ্চিত্রের ক্যারিয়ার প্রথম দিকে ঝলমলে হলেও পরে তাঁর পথ বেঁকে যায়। এই সময়ে এসে রঞ্জিতা খুব ভালো নেই। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে থাকেন বনশ্রীতে ভাড়া বাসায়। 
২০০৫ সালের পর আর সিনেমায় অভিনয় করেননি তিনি। তবে আনুষ্ঠানিকভাবে অবশ্য অভিনয় ছাড়েননি। জড়িত আছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। শিল্পী সমিতির গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনও করেছেন। কিন্তু জয়ী হয়ে কমিটিতে যেতে পারেননি।
তাঁর বাবা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নায়করাজের বন্ধু। একপ্রকার খেলাচ্ছলেই ‘ঢাকা ৮৬’ ছবির নায়িকা হওয়া তাঁর। প্রথম ছবিতে নজর কাড়ার পর নায়করাজের পরিচালনায় ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’ ছবিতে অভিনয় করেন রঞ্জিতা। মাত্র এক টাকা সাইনিং মানি নিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। মোট ২৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি।
রঞ্জিতা অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করতেন। তিনি ১৮টি ছবি প্রযোজনা করেছেন। যার মধ্যে রয়েছে ‘কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’, ‘প্রেমিক রংবাজ’ ইত্যাদি। 
মাঝে পক্ষাঘাতে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। শিল্পী সমিতির পক্ষ থেকে যে সহায়তা পেয়েছিলেন তাও ছিল অপ্রতুল। বিবেকের দায়বদ্ধতা থেকেই মানবিক কারণে অভিনয়শিল্পী Aruna Biswas আর Syeda Kamrun Naher Shahnoor এগিয়ে এসেছিলেন তাঁর পাশে। 
মার্শাল আর্টে দেশের প্রথম ব্ল্যাকবেল্টধারী তিনি। সিনেমার প্রয়োজনে শিখেছেন আত্মরক্ষার কৌশল। জীবনযুদ্ধেও লড়ছেন তিনি প্রতিনিয়ত। তবে কাঁচের দেয়াল ভেদ করে পাথরের পৃথিবীতে তাঁকে আর কতটা লড়তে হবে তা জানেন না তিনি। 
আজ ৪ মার্চ লাস্যময়ী অভিনেত্রি রঞ্জিতার জন্মদিন। তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।