আবুল কালাম শামসুদ্দীন সাংবাদিক এবং সাহিত্যিক।
জন্ম ১৮৯৭ সালের ৩ নভেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলার ত্রিশালে।
১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগি সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৩৬ সালে দৈনিক আজাদে যোগদান করে ১৯৪০-৬২ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের ঘটনায় তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হন এবং মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দেন।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে তিনি আইন পরিষদের সদস্যপদ ত্যাগ করেন।
এর দুদিন পর ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে তিনি নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।
সাংবাদিকতা ও রাজনীতির বাইরে তিনি ছিলেন পাঠকপ্রিয় লেখকও। দেশ, সমাজ ও সংস্কৃতি নিয়ে তাঁর রচিত বইগুলো আজও প্রত্যক্ষদর্শীর দলিল হিসেবে বিবেচিত হয়ে থাকে।
তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ - ত্রিস্রোতা, খরতরঙ্গ, দৃষ্টিকোণ, পলাশী থেকে পাকিস্তান প্রভৃতি।
১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তিনি সরকারি দমননীতির প্রতিবাদে তাঁকে প্রদত্ত খেতাবগুলো বর্জন করেন।
১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।
১৯৭৮ সালের ৪ মার্চ ঢাকায় মৃত্যু হয় এই গুণীজনের। শ্রদ্ধাঞ্জলি।