স্পর্শ চায়
বধির শব্দমালা
হাতের ভেতরে হাত
বাকিটুকু সাক্ষাৎ
জলে ভাসা মৃত মাছ যেন।
মেয়েটার গলা ভারী সুন্দর
হাওয়া সুরে
জলে ভাঙে আয়না-ছবি
সে দুঃখ দুঃখদানীতে সাজে না।
বাগানফুল দিনরাত গল্প
মালীর জন্য
কৃষকের সাথে ফসল
কিশোরীর সাথে হাঁস
নদীর যেমন মাঝি
শীতের কেবল কুয়াশা
সে সংখ্যা ধারাপাতে নেই
সে শব্দ অভিধান অধীন নয়
বর্ণমালা বোঝে না।
ভালোবাসা পড়াবীজে সাজে
রোপণ করলে বাঁচে না।
প্রশ্ন একটাই
উত্তর খুঁজে হয়রান
স্বপ্ন ভাঙলে সমস্ত ডালপালা কোথায় হারায়!
তুমি মানো না মানো।