স্মরণ-অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০৩ ১৯:২৭:০১
image

‘নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা’ সংলাপ বলা মানুষটির আজ চলে যাবার দিন। 
বেশ কয়েক বছর আগে আশিয়ান সিটির প্রচারের জন্য তৈরি করা এই বিজ্ঞাপন চিত্রটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। মোস্তফা সরওয়ার ফারুকীর তৈরি ওই বিজ্ঞাপনে ‘নে বাবা এবার নাকে তেল দিয়ে ঘুমা’ দারুণ জনপ্রিয় হয়েছিল সে সময়।
বিদেশে থাকা সন্তানদের জন্য ঢাকার কাছে পছন্দমত একটি নিরাপদ আবাসন খুঁজতে যেয়ে ঘুম হারাম। অবশেষে আশিয়ান সিটির সন্ধান পেয়ে দুশ্চিন্তার অবসান হয় বৃদ্ধ বাবার। 
এই খুশিতে বিদেশে পার্সেল করে পাঠিয়ে দেন সরিষার তেল। আর উৎসুক একজন জানতে চাইলেন বিদেশে সরিষার তেল পাঠানোর রহস্য। অমনি বৃদ্ধ বললেন, ‘নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা!’
বিজ্ঞাপন চিত্রের ওই বৃদ্ধ ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ।
জন্ম ১৯২৮ সালে বিক্রমপুর পরগনার টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে। 
কাজী জামালউদ্দিন আহমেদ কর্মজীবনে সরকারের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন।
অবসর নেয়ার পর থেকে তিনি রাজধানী কাফরুলে নিজ বাড়িতে বসবাস করতেন। 
ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও তিন ছেলের জনক। ছোট ছেলে কাজী এম আহমেদ ছাড়া বাকি তিন সন্তানই থাকেন দেশের বাইরে। মেয়ে আমেরিকায় ও অপর দুই ছেলে থাকেন অষ্ট্রেলিয়ায়। 
২ মার্চ ২০১৮ সালে বার্ধক্যজনিত কারণে নব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।