ক থা ক লি শ র্মি ষ্ঠা

  • এখনও আছি
  • ২০২৫-০২-২৮ ১৫:০০:১০
image

দিন পুড়ে যায়, সূর্যের আঁচে
শরীর এগোয়, বয়সের ভারে।
হয়তো বাঁচি ততটুকুই,
জীবন যতটা সুতো ছাড়ে।

মনে আছে, আকাশ থেকে! 
শব্দ এনে বিছানাতে।
স্নানের ঘরেও সুর বেঁধেছি, 
নিস্তব্ধ গভীর রাতে।

কঠিন যত, দিন দেহাতে, 
জলের দামে ছেড়ে এসেছি। 
সত্যি ছিলো ততবারই, 
মাটির গন্ধ ভালোবেসেছি। 

মন রাখেনি ইচ্ছের মাপ, 
হিসেব মেলাতেই বেলা বাড়ে।
জীবন নিয়ে শুয়ে থাকতে,
ভুল হয়ে যায় বারে বারে।

ক'জন বোঝে ভাঙা চালে, 
পুরনো কত প্রশ্ন থাকে! 
বালিশ আজও মায়ের মতোই, 
চোখের কথা আগলে রাখে। 

মুছে দেইনি সেসব ক্ষত, 
ওরা এখনও আমার সাথে। 
নতুন করে জিতবে বলে। 
নেমে আসে রাস্তাতে। 

অনেক কথাই শরীর মনে,
ঘুমোতে পারেনি নিয়ম করে।
খিদের জ্বালায় জেগে আছে, 
ভালোবাসার বাজি ধরে।