খোদার কসম জান
ভালোবেসেছি তোমায়।
ভালোবেসে ভালোবাসার উপোসে থেকেছি দীর্ঘকাল
মৃত্যুর কলার ধরে বলেছি -- অপেক্ষায় থাকো
তাঁকে এখনও হাঁটু মুড়ে নিবেদন করিনি
কলজে ছেঁড়া রক্তেমোড়া গোলাপের কুঁড়ি
খোদার কসম জান
সূর্য ডোবার আগে সাঁতরে গেছি নোনা সমুদ্র
বিরহের মরুভূমি বরাবর হেঁটে গেছি বিক্ষত পায়ে
ঘুমহীন কাটিয়েছি কৈশোর যৌবন
শুধু একবার হাঁটু মুড়ে রক্ত গোলাপ দেওয়ার জন্য
ভালোবেসেছি তাই
মৃত্যুর অমৃত ভান্ডার লুঠ করে নেবো
তাঁর অমৃত হৃদয়ে লুটিয়ে পড়ে
শুধুমাত্র একবার বলে যাবো আমি
--- খোদার কসম জান
শুধুমাত্র ভালোবাসা জানে
আমি কতো ভালোবেসেছি তোমায়।