বি দি শা স র কা র

  • ইতস্তত
  • ২০২৫-০২-২৭ ০০:৫৭:১৭
image

মেহের আলি, ঘুমাচ্ছ এখন 
মুন্সীহাটে বিকিয়ে দিলাম বসন ও পায়জোর
মেহের আলি উঠবে নাকি 
ভোর --

আমারও তো ছুঁতোয় নাতায় অসুখ ছিল 
কাটাকুটির 
ছাতার তিতির
খামখেয়ালি ডানা
আকাশ আকাশ আকাশ ভেবে
সবটুকুই জানা 

জানা'র ঘরে জানলা ছিল 
আবজানো তার মন
ছায়ারা সব ঝরল পাতায়
শূন্য খাতায় করছি জড়ো
আর আঁটছে না
এমন উচাটন

মেহের আলি
ভোর ফুরালো
কার্নিসে রোদ
ঝুলছে তারে সপরিবার
তোমার ছেলের
তোমার মেয়ের
আরেকজনের শেমিজ থেকে
কয়েক ফোটা রাতের আবেশ ----

দেখছি না তো
চোখ পড়ে যায়
বাড়া ভাতে
দুপুর যেমন খিদেয় ইতস্তত
                       আর কতো