গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী-ক্যাব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০২-২৬ ১৪:১২:১২
image

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়।শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে গ্যাসের দাম বাড়ানোর শুনানি আয়োজন করে তোপের মুখে পড়লো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
এর আগে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনসহ (পেট্রোবাংলা) দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 
শুনানি চলাকালে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন এতে অংশ নেওয়া প্রতিনিধিরা।
এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে তারা বলেন, দাবি না মানলে এ আবেদন আন্দোলনে রূপ নিয়ে পারে। 
এর আগে সকালে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ওপর শুরু হয়ে বিইআরসির শুনানি। আবেদনে শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়। তবে এর তীব্র বিরোধিতা করে তারা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘শুধু জ্বালানি নয়, এইভাবে সব পণ্য আমদানি করে দেশটা আমদানি নির্ভর করে ফেলা হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী। এই প্রস্তাবের ওপর কোনও গণশুনানি হতে পারে না। এটি বন্ধ করতে হবে।’ 
এ সময় শুনানিতে অংশ নেওয়া ব্যবসায়ী, ক্যাবের প্রতিনিধি এবং অন্য সংগঠনের প্রতিনিধিরা শুনানি বন্ধের দাবিতে ‘প্রহসনের শুনানি বন্ধ করো, করতে হবে, মানি না, মানবো না’ স্লোগান দিতে শুরু করেন। সূত্র-বাংলা ট্রিবিউন।