শেষমেশ তাই হলো
তুমি এলেনা, তবু
বাতাস কেটে ছুটে যাচ্ছি, ফুড়ে যাচ্ছি এফোড় ওফোড়
পথ-বিপথ বুঝে চলা কী জরুরি?
বাসের জানালায় পিছলে যাচ্ছে মাঘের মিঠে কড়া রোদ
শীতের খুব ভয়?
ভ্রমণে লজ্জা? অথবা ভয়ানক বিবমিষা তাড়া করে যাত্রাপথে?
হাইওয়ে মহিলা পুলিশ বেসামাল আমাকে দেখে
আমার নোখ দেখে, চুল দেখে, চোখ দেখে
আর মুচকি হেসে সাহস দেন- ভয় নেই, আমরা শুধু গাট চেক করি,
ব্যাগ চেক করি।
তুমি কোথায় এখন?
তুমি তো সেই শ্রেণিকক্ষের হাস্যজ্বল বিদগ্ধ মিস্ট্রেস?
ওজন মেপে কথা বলো, পা টিপে হাটো
অথচ আমি কেমন বেপরোয়া ছুটে যাচ্ছি হাইওয়ে ধরে
পালক ঝরাতে ঝরাতে ক্রমাগত হচ্ছি নি:স্ব !