বি না য় ক ব ন্দ‍্যো পা ধ‍্যা য়

  • যুধিষ্ঠির
  • ২০২৫-০২-২৩ ২২:১১:৪২
image

তুমুল সঙ্গমের পর অর্জুন জিজ্ঞেস করল, ভীম কি তোমাকে আরও...',
কোনও জবাব না দিয়ে  গায়ে  চাদরটা টেনে নিতে নিতে ভাবলাম,
একই প্রশ্ন নকুল করেছিল অর্জুনকে নিয়ে আর সহদেব নকুল সম্পর্কে।
কিন্তু আমার ওই চার বরের কেউ কখনও দুশ্চিন্তা করেনি সেই লোকটাকে নিয়ে 
মাটির চার ইঞ্চি উঁচু দিয়ে চলাফেরা করলেও যার গলা সবসময় নিচু,
যে কোনও পোস্টে সর্বোচ্চ তিয়াত্তরটা লাইক আর বারোটা কমেন্ট পাওয়ার পর
                যে একটা কুকুরকে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় বিস্মৃতিতে,
কবি কায়দা করে যার নাম দিয়েছেন,'মহাপ্রস্থান'।
হ‍্যাঁ, লোকটাকে অপাঙ্ ক্তেয় হতে দেব না বলে আমিই
                 ইশারায় ওকে বলেছিলাম, আমায় বাজি ধরতে।
জানতাম ও হারবে। আর আন্দাজ করতে পারছিলাম, তারপর
                  দুঃশাসন ও সম্প্রদায় ঠিক কী করার চেষ্টা করবে আমার সঙ্গে।
তবু, কৃষ্ণের কৃপা পাব কি পাব না সেই ঝুঁকি নিয়েও
আমি ওকে উসকে দিয়েছিলাম যাতে
                    পরবর্তী সমস্ত রাত্রিতে
ভীম, অর্জুন, নকুল, সহদেবের ক্ষোভে, হতাশায়, আক্রোশে জেগে থাকে ওর অবিমৃশ‍্যকারিতা।
এবং হাজার বছর পরও পাঠক ভুলতে না পারে সেই প্রচারবিমুখ মানুষটাকে
চার-চারটে ভাইয়ের প্রাণ বাঁচানোর পরও যে ধর্ম বকের সঙ্গে সেলফি তোলার কথা ভাবেনি
আর প্রতিটা আদরের শেষে, আমার ঠোঁট ফুলে গেছে দেখলে লজ্জা পেত খুব।