আমি ঈশ্বর চিনি না
তবুও ধ্যানস্থ হই প্রতি রাতে,
আকাঙ্ক্ষা জাগে যদি বিষাদের প্রাচীর টপকে কাছে পাই একবার
তাঁকে প্রশ্ন আছে অনেক
আমার বুকে বসানো বসন্ত শুষ্ক হয়েছে কেন?
রাশি রাশি খাবার চারিদিকে তবুও হৃদয় ক্ষুধার্ত কেন?
কেন ইচ্ছে করে যখন তখন ফিনিক্স হতে?
ইচ্ছে করে ঝরা পাতা দূরে সরিয়ে অভিসারে যেতে
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাঁকে বলতে ইচ্ছে করে
আমি সখ্য, দাস্য, বাৎসল্য চাই না একটু মিলন রস দিতে পারো বুকে?
সহসা প্রশ্নবানে জর্জরিত ঈশ্বর আসেন
তন্দ্রাচ্ছন্ন দুচোখ মেলে দেখি আমার জলসত্র তাঁর হাতে
প্রতিদিন বিন্দু বিন্দু মুক্ত জমা হয়েছে সেখানে
বুক চেরা সম্পদ হাতে নিয়ে সে হাসে, খুব হাসে!
তারপর আমিও দুহাত তুলি
কেড়ে নিতে চাই সবটুকু
আমার লুকানো গৌরব, লুকানো অহংকার, লুকানো বিরহ বেদনা
সে আবার পলকে মিলিয়ে যায়
সন্ধানী বারান্দায় উপুড় হয়ে পড়া জ্যোৎস্নার অপর প্রান্তে তখন প্রেমিকের স্মৃতি মূর্তি।