সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অস্ট্রেলিয়ায় নিখোঁজ ৪

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-৩০ ০০:১৫:১৮
image

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিখোঁজ হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। শুক্রবার লিন্ডম্যান দ্বীপের কাছে অস্ট্রেলিয়ান এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে রাত্রীকালীন অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এমআরএইচ-৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডের কাছে বিধ্বস্ত হয়। 
প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল এ ঘটনাকে ভয়াবহ মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই মুহুর্তে আমাদের প্রধান কাজ লোকদের খুঁজে বের করা। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বেসামরিক সংস্থা, পুলিশ, জনসাধারণ এবং মার্কিন মিত্ররা কাজ করছেন।
এদিকে সামরিক অনুশীলনে বিরতি ঘোষণা করেছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। ওই সামরিক অনুশীলনে জাপান, ফ্রান্স, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরাও অংশ নেয়ার কথা। বড় আকারের ওই সামরিক অনুশীলন দুই সপ্তাহ ধরে চলছে। আগামী ৪ আগস্ট এই মহড়া শেষ হওয়ার কথা।