চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-০৯ ২২:২৩:৪৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ছয়শত এ্যম্পুল নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন ‘বুপ্রেনরফিন’ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক নজরুল ইসলাম  ওরফে সুজনকে (৪২) যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ  মো: মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত সুজন চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডের  বালুবাগান মহল্লার ৫৪ নং হোল্ডিং এর মো: ইব্রাহীমের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) মো: আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর দুপুরে সুজনের বাড়িতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস (এ্যাম্পুল) নেশাকারক বুপ্রেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে আটক হয় সুজন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সুজনকে একমাত্র আসামী করে মামলা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার।  ২০২২ সালের ২৮ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান একমাত্র সুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৬ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার সুজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।