আফ্রিকার ছয়টি দরিদ্র দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ১৩:২২:৩৮
image

রাশিয়া–আফ্রিকা সম্মেলন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হয়েছে। এ সম্মেলন ঘিরে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। এরই পরিপ্রেক্ষিতে আফ্রিকার ছয়টি দরিদ্র দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।
বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিনে পুতিন বলেন, ‘আগামী মাসগুলোয় আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়ায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টন খাদ্যশস্য বিনা মূল্যে সরবরাহ করতে সক্ষম হব।’
পুতিনের এই প্রতিশ্রুতির কিছুদিন আগে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির একটি চুক্তি থেকে সরে আসে মস্কো। ওই চুক্তির আওতায় কৃষ্ণসাগর হয়ে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য সরবরাহ করা হচ্ছিল। এভাবে এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের বন্দরগুলো থেকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি করা হয়েছে। বিশ্বে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে এই চুক্তি বড় সহায়তা করেছিল।
দুই দিনব্যাপী রাশিয়া-আফ্রিকা সম্মেলন শেষ হবে আজ শুক্রবার। এবার দ্বিতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৯ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সোচি শহরে প্রথম রাশিয়া-আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয়।