টাইফুন ডোকসুরির তাণ্ডবে তীব্র ঝড় ও ভারি বৃষ্টি হচ্ছে চীনের ফুজিয়ান প্রদেশে

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ১২:৩৫:০৮
image

চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুন ডোকসুরির তাণ্ডবে তীব্র ঝড় ও ভারি বৃষ্টি হচ্ছে। ঝড়ো বাতাসের তাণ্ডবে গাছপালার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। বিরূপ আবহাওয়া পরিস্থিতির কারণে কলকারখানা ও বিপণীবিতানগুলো বন্ধ রাখা হয়েছে।  
২০১৬ সালে প্রাণঘাতী টাইফুন মেরান্তির পর সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় টাইফুন শুক্রবার সাগর থেকে ফুজিয়ানে উঠে আসে।
ডোকসুরির কারণে ফুজিয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে এবং উপকূলীয় তেল ও গ্যাস ক্ষেত্রগুলো থেকে কর্মীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে টাইফুন মেরান্তির তাণ্ডবে প্রদেশটিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল।  
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার দিকে ডকসুরির বাতাসের বেগ ছিল ঘণ্টা প্রতি ১৩৭ কিলোমিটার।
চলতি সপ্তাহে ডোকসুরি ফিলিপিন্সের উত্তরাঞ্চল অতিক্রম করার সময় প্রায় ৩৬ জনের মৃত্যু হয়।