চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাগিচাপাড়া গ্রাম সংলগ্ন আজমতপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে শহিদুল ইসলাম(২৫) নামে এক বাংলাদেশীর আহত হবার খবর পাওয়া গেছে। তিনি বাগিচাপাড়া (চাকপাড়া} গ্রামের মো. আনারুলের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে,গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে (১১ জানুয়ারী) ঘটনাটি ঘটে।
বিজিবি জানিয়েছে, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২ হতে প্রায় ১৩০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে আহত হন শহিদুল। আহতাবস্থায় ৫/৬ জন সহযোগীসহ পালিয়ে এসে তিনি গোপনে অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন। তার অন্য সহযোগীরাও পলাতক রয়েছে। তিনি চোরাকারবারে জড়িত বলেও জানিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্তের শূণ্যরেখা থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল,১টি টর্চ লাইট ও ১টি হাসুয়া জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজমতপুর বিওপি’র বিপরীতে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের শশানী ক্যাম্পের আওতাধীন এলাকার এ ঘটনার ব্যাপারে বিএসএফ’র সাথে যোগাযোগ হয়েছে। তারা বিপুল সংখ্যক ফেনসডিল উদ্ধারের দাবি করেছে। এ ব্যাপারে শনিবার(১১ জানুয়ারী) দুপুর পর্যন্ত কোন পতাকা বৈঠক হয় নি। তবে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে। অপরদিকে শহিদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হবে। ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান মোহামম্মদ নিজামুল হক বলেন, রাত ২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত: একজন আহত হন। কেউ কেউ দু’জন আহতের কথাও বলছেন। আহত একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও শোনা গেছে। তবে ্ তীব্র শীতের গভীর রাতের এ ঘটনার ব্যাপারে স্থানীয়রা অনেকেই বিস্তারিত জানেন না আবার অনেকে মুখ খুলতে চাচ্ছেন না।
সংশ্লিস্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম আহতের পরিচয় নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কেউ কেউ রাত ১১টা -১২টার দিকে আবার কেউ রাত ২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে। বেশ কয়েক রাউন্ড গুলি হয়েছে। রাবার বুলেটে আহত হবার ঘটনাটি ঘটে বলে শোনা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আজমতপুর সীমান্তে গুলি হয়েছে ও এক বাংলাদেশী আহত হয়েছেন বলে শোনা গেছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করে নি।
উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারী থেকে ৮ জানূয়ারী পর্যন্ত টানা চারদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। ব্এিসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশীদের তীব্র বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।