ভালোবাসা শুধু পাবার নাম নয়, ফিরিয়ে দেবার নাম, উৎসর্গের নাম, ত্যাগের আরেক তেজোদ্দীপ্ত নাম । জীবন বাজি রেখে অন্যের জন্য লড়াই করেও আনন্দ হয় । মন শুধু তাকেই চায়, দৃষ্টি শুধু তাকেই খোঁজে ।
প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষে না। আজীবন, আমৃত্যু অদলবদল হয় না চাওয়া পাওয়ার । অন্তরের অপ্রতিরোধ্য অনুভূতি যা চিরদিন, চিরকাল থেকে যায় , থেকেই যায়, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
সম্পর্ক শেষ হয় । হারিয়ে যায় চাওয়া পাওয়া। যোগাযোগ ফুরায় । অভিমান অভিযোগ থেমে যায়। সবটুকু অধিকার শেষ হয়। কিন্তু এর রেশ থেকেই যায়। আবার হৃদয়াকাশে কেউ কেউ জেগে থাকে শুকতারা হয়ে । কিছু মানুষের প্রতি কখনো মায়া ফুরায় না! মনে থেকেই যায় রাতের তারারা যেমন থাকে দিনের আলোর গভীরে, মেহেদি পাতার সবুজ বুকে লাল রঙ যেমন লুকিয়ে থাকে । জীবন-ক্যানভাস থেকে আজীবন মোছা যায় না মনিমুক্তোর মতো মুহুর্ত। ফেলে আসা স্মৃতিরা মলিন হয় না কখনো।
পারিজাত প্রেম এক নির্নিমেষ আলো যা মানুষকে সংযত করে মনের উর্বরতায়।
ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি। আশ্চর্য এক মায়াজাল যা কোনো অর্থ, মোহ, আকাঙ্খা দিয়ে পাওয়া যায় না। শুধু প্রাণের টানে বাঁধা যায়। অন্তরের অনুভূতি দিয়েই অনুভব করা যায়...
( সবার জীবনে প্রেম থাকুক। কারণ ভালোবাসাই মানুষকে সুন্দর ও ভালো রাখে... )