শুভ জন্মদিন শিল্পী তপন চৌধুরী

  • মেসবা খান
  • ২০২৫-০১-০৭ ১১:০১:৫৩
image

দেশের ব্যান্ড মিউজিক ও আধুনিক গানের বরেণ্য শিল্পী তপন চৌধুরী। একাধারে তিনি গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। 
সত্তরের দশক থেকে গানের সঙ্গে মিশে আছেন তিনি। তাঁর মিষ্টি কণ্ঠে বহু গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
জন্ম ৭ জানুয়ারি ১৯৬০ সালে বন্দরনগরী চট্টগ্রামে।কৈশোরেই গানের সঙ্গে যুক্ত হন তপন চৌধুরী। তাঁর বয়স যখন ১৯ বছর, তখন তিনি যোগ দেন বাংলাদেশের লিজেন্ডারি ব্যান্ড 'সোলস'এ। 
এই ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি তাঁর কণ্ঠেই শ্রোতাপ্রিয়তা পায়।
তারপর তপন চৌধুরী কেবল গেয়ে গেছেন। একটার পর একটা গানে কণ্ঠ দিয়েছেন, আর সেগুলো শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে। 
তাঁর গাওয়া ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘আমি দেবদাস হতে পারবো না’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহুদূর’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘আমি সব কিছু ছাড়তে পারি’ ইত্যাদি গানগুলো এখনো মানুষের মুখে মুখে।
তপন চৌধুরী নিজেকে কোনো একটা নির্দিষ্ট ঘরানার গানে সীমাবদ্ধ রাখেননি। তাঁর কণ্ঠে আধুনিক, ক্লাসিক, মেলোডি, ফোক সব ধরণের গানই এসেছে। সব গানেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
‘সোলস’ ব্যান্ডের সঙ্গে তপন চৌধুরী ২২ বছর গান করেছেন। এরপর একক সঙ্গীতশিল্পী হিসেবে চলচ্চিত্রের গানে নিজেকে ঢেলে দেন। 
লম্বা ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ চলচ্চিত্রে গান করেছেন। নব্বই দশকের পর কয়েক বছর তিনি গান করা থেকে বিরত ছিলেন। এরপর ২০১৭ সালে আবার ‘ফিরে এলাম’ শীর্ষক একটি অ্যালবাম দিয়ে গানে ফিরে আসেন।
১৯৭৩ থেকে ২০২৫ সুদীর্ঘ পাঁচ দশকের পথ পরিক্রমায় বাংলা সঙ্গীতের ভুবনকে বিস্তর সমৃদ্ধ করেছেন তিনি। 
ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।