চৌগাছায় সমাজসেবা অফিস ও হামিদ মল্লিকের অর্থায়নে ভ্যান পেল প্রতিবন্ধী সাত্তার

  • আবু জাফর বিশ্বাস,
  • ২০২৫-০১-০৫ ২৩:০০:৪৬
image

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছার প্রতিবন্ধী আব্দুস সত্তার (২২) চৌগাছা সমাজসেবা অফিস ও চেয়ারম্যান হামিদ মল্লিকের অর্থায়নে একটি ইঞ্জিন চালিত ভ্যান প্রদান করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে সাত্তারের কাছে ভ্যানটি হস্তান্তর করা হয়। প্রতিবন্ধী আব্দুস সত্তার প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের স্মরণাপন্ন হয়ে একটা ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা করার দাবী করেন, সে ভ্যানে করে সবজি বা ছোট কোন ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চান। প্রেসক্লাবের সেক্রেটারীর প্রচেষ্টায় উপজেলা সমাজসেবা অফিস সাত্তারকে একটি ভ্যান ক্রয়ের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়। তবে দুই পা অকেজো সাত্তারের পক্ষে ভ্যানে প্যাডেল করে চালানো অসম্ভব, তাই সেক্রেটারির আহবানে সাড়া দিয়ে সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক আরও দশ হাজার টাকা সহায়তা দিয়ে সাত্তারকে একটি ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা করা হয়।
সাত্তার ছোটবেলায় হেটে-চলে বেড়াতে পারতো। তার বয়স যখন ৫/৭ বছর, তখন সে অসুস্থ হয়। দিন-মজুর পরিবারের ছোট্ট সাত্তার যে পোলিও আক্রান্ত হয়েছে এটাও বুঝতে পারে না বাবা-মা। এক পর্যায়ে সাত্তার প্রতিবন্ধী হয়ে যায়। দুই পা ছেচড়ে হাটতে হয় তাকে। তবে প্রতিবন্ধী সাত্তার পরিবারের বোঝা হয়ে থাকতে চায়নি। যুবক সাত্তার গ্রামের বিত্তবানদের সহায়তা নিয়ে গ্রামে একটি চায়ের দোকান করে। তবে দোকান চালাতে গিয়ে পড়তে হয় নানা বাধার মুখে। চা-সিগারেট বাকিতে খেয়ে টাকা দিতে চায়না ক্রেতারা। একপর্যায়ে বাকি টাকা চাওয়ায় ওইসব ব্যক্তিরা সাত্তারের চায়ের দোকানটি উঠিয়ে দেয়। আবার বেকার হয়ে পড়ে সাত্তার। ভিক্ষায় নেমে পড়ার অবস্থা হয় তার। এমতাবস্থায় তিনি এই ভ্যানটির দাবী করেন। প্রতিবন্ধী আব্দুস সত্তারকে ভ্যানটি দেওয়ার সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, যু্ব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, সিংহঝুলী ইউনিয়নের আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রুমখ উপস্থিত ছিলেন।