কৃষ্ণা কাবেরীঃবাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া এক মণিকাঞ্চন

  • মেসবা খান
  • ২০২৫-০১-০৪ ১৮:২৩:৩০
image

সত্তরের দশকের রূপালি পর্দার সাড়া জাগানো অসম্ভব জনপ্রিয় নায়িকা কৃষ্ণা কাবেরীর কথা মনে আছে? 
তাঁর কাঁচভাঙা কন্ঠস্বর, ভরাট কপোল আর ভাসা ভাসা চোখের মায়াবী চাহনি হৃদয়ে দোলা দিত তখনকার দিনের তরুণ যুবকদের! 
মুক্তিযুদ্ধ পরবর্তী তাঁর অভিনীত রোমান্টিক ছবি 'একালের নায়ক' এর কথা কি ভুলবার মতো? ছবিতে তাঁর নায়ক ছিলেন প্রয়াত হ্যান্ডসাম ও সুদর্শন অভিনেতা এবং প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। 
বলছি চাঁদপুরের মেয়ে অভিনেত্রি কৃষ্ণা কাবেরীর কথা। তাঁর জন্ম ৪ জানুয়ারি ১৯৫৯ সালে। 
বরেণ্য চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের হাত ধরে 'বলাকা মন' ছবির মধ্য দিয়ে ১৯৭৩ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে কাবেরীর।
কাবেরী অভিনীত উল্লেখযোগ্য ছবি গুলো হলো - অনুরাগ, অবাক পৃথিবী, একালের নায়ক, মনিমালা, সুখ-দুঃখ, ভাইবোন, আলোছায়া, আমির ফকির প্রভৃতি। 
সবমিলিয়ে ১১১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন কৃষ্ণা কাবেরী।
ব্যক্তিগত জীবনে তিনি প্রযোজক,  পরিচালক, পরিবেশক ও প্রদর্শক প্রদীপ দে'র স্ত্রী। 
বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রি মালতী দেবী তাঁর মা। বাবা অজিত কুমার দে ছিলেন বরেণ্য চলচ্চিত্রকার খান আতাউর রহমানের সিনেমার স্থির চিত্রগ্রাহক। 
ভাই উত্তম আকাশ এদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। কাবেরীর ছোট বোন শুভ্রাও ছিলেন একসময়ের বাংলা চলচ্চিত্রের সহনায়িকা। 
আরেক বোন শুক্লা দে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সিনিয়র ইংরেজির  শিক্ষিকা। কাবেরী ও প্রদীপ দে দম্পতির দুই ছেলেমেয়ে সুদীপ দে ও প্রিয়াঙ্কা দে।
পুত্র সুদীপ দে এদেশের চলচ্চিত্রের একজন বিশিষ্ট প্রযোজক ও পরিবেশক। 'এক টাকার বউ' ও 'আমার প্রাণের স্বামী' তাঁর চলচ্চিত্র দুটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল।
কাবেরীর মেয়ে প্রিয়াঙ্কা দে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিরেক্টর অফ এডমিন হিসেবে কর্মরত।  
একসময় মঞ্চ বেতার-টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন কৃষ্ণা কাবেরী। 
ফেসবুক পরিবারের পক্ষে বাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া মণিকাঞ্চন কৃষ্ণা কাবেরীর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।