শা ম ছু ন্না হা র রু বা ই য়া

  • শব্দের কারুকাজ
  • ২০২৪-১২-৩০ ২০:৫২:২৭
image

শব্দ বাগান থেকে কিছু লাবন্যময় শব্দ তুলে আনো
যাওয়া আসার পথে মিষ্টি একটা গান ধরো,
রত্নশোভিত শব্দগুলো নিটোল কারুকাজে সজ্জিত করো প্রতিটি লাইনে,
তাতে উপমা অলংকার ছন্দ তালে উঁচিয়ে দাও দারুণ ভাবে
দেখে যেন তাক লেগে যায় সবাই। 
আসমানী রঙের শাড়ি, কচু পাতা রঙ ব্লাউজ 
হীরকচর্চিত শব্দে নোলক পরাও,
জরির ওড়না জড়িয়ে দাও শব্দের কোমল শরীরে।
তারপর আলপথ ধরে পালকি করে, শিউলি ঝরা পথে,হুহুমলা হুহুমলা বলে
শিশির ঝরুক টুপটুপ করে,লজ্জাবতী গাছটাও লজ্জায় নুয়ে পড়ুক অভিবাদন জানাতে
 হাত ধরে নিয়ে চলুক জমকালো আসরে,
বিজলী বাতির ঝিকিমিকি আলোয় নেচে উঠুক নস্টালজিক ভাবনা।
ভরে উঠুক শব্দের আঙিনা,আধফোটা হাসিতে টোল পড়ুক গালে,
মধুমাখা শব্দে মেতে উঠুক সব।
এলোমেলো ঘুরতে দিওনা,ছিটকে যেন না পড়ে
 নিয়মের শৃঙ্খলে আবদ্ধ করো প্রতিটি শব্দ 
দেখবে কত সুন্দর কবিতা হয়ে উঠছে!
বিশ্ব ভুবন ভরে যাক তার প্রশংসায়।