রা ব বা নী স র কা র

  • বন্ধ্যা সময়
  • ২০২৪-১২-২৯ ১৫:৩৫:০৬
image

চিন্তাচেতনার আকাল পড়লে কেন জানি
                             বন্ধ্যা নারীর মতো হয়ে যাই
মনে হয় ভাবনা ধারণে আমি অক্ষম এক কবি।
ঊষর মাটিতে যেমন ফলে না ফসল হাজার কর্ষণে
হাভাতে কৃষক যেন সর্ষে ফুল দেখি রৌদ্রদগ্ধ দুপুরে।

জীবনযাপন তো কোণঠাসা নিত্য অভাবে
তবু থেমে নেই বাজারঘাট, থেমে নেই আহ্লাদ আবদার 
থেমে নেই আমাদের বিলাস-বৈভবের দৌরাত্ম্য, 
খাল কেটে কুমির আনছি সমৃদ্ধির ধোঁয়াশায়
নারীদেহ পুঁজি করেই ঘটছে সভ্যতার উত্তরণ
খুনে খুনে স্বপ্নে বুনছি জিঘাংসার অবিনাশী বীজ ----
এত ভাবনা এত কথার ফসিল গ্রথিত সময়ের গভীরে
তবু কবি অন্তঃসত্ত্বা হতে পারে না !

সত্যিই কী আমি বন্ধ্যত্বের কারণে নির্বাসিত হবো
                            নিরঞ্জনের ঝুলন্ত পৃথিবীতে !
নাকি একটি কবিতার জন্য আশায় বুক বাঁধবো !
হে স্রষ্টা ! একটি সুগঠিত ভ্রূণ দাও আমাকে
                  যা বোধি-জঠরে ধারণ করতে পারি
যেন ঘোচাতে পারি এই অকাল বন্ধ্যত্বের অপবাদ।